বিরোধী দলের আন্দোলনে জনগণের সাড়া মিলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের আন্দোলনে জনগণের সাড়া মিলবে না বলে মনে করছে আওয়ামী লীগ। গতকাল শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এক যৌথসভায় এ কথা বলা হয়। সভা শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা হলে বিরোধী দলের আন্দোলনে জনগণের কোনো সমর্থন থাকবে না। সভা-সমাবেশের মাধ্যমে সরকারের সাফল্য জনগণের কাছে তুলে ধরা হবে বলে তিনি জানান। ১৭ মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি চূড়ান্ত করতে এ যৌথ সভা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগরের দলীয় সাংসদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকেরা যোগ দেন।যৌথ সভায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৭ মে রাজধানীসহ সারা দেশের জেলা-উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত হয়েছে।