সংসদ অধিবেশন: পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা মূলধনের ২৫ শতাংশ
বিরোধী দলের আপত্তির মুখে ব্যাংক কোম্পানিসহ তিনটি আইন পাস

কোনো ব্যাংক তাদের মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশের বেশি অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না। এ বিধান রেখে গতকাল রোববার জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, ২০১৩ পাস হয়েছে। একই সঙ্গে সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড বিল, ২০১৩ এবং জাতীয় নদী রক্ষা কমিশন বিল, ২০১৩ পাস হয়েছে। বিরোধী দলের সদস্যদের অংশগ্রহণে বিল তিনটি পাস হতে তিন ঘণ্টার বেশি সময় লাগে। বিলের ওপর দেওয়া বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।ব্যাংক কোম্পানি বিলটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংশোধিত আইনের ২৬-ক ধারা অনুযায়ী, ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগ হিসাব করতে সব রকম শেয়ার, করপোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য পুঁজিবাজার নির্দেশকপত্রের মোট বাজারমূল্য এবং পুঁজিবাজার কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত নিজস্ব সহযোগী কোম্পানি বা অন্য কোনো কোম্পানিতে দেওয়া ঋণসুবিধা এবং পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত কোনো ধরনের তহবিলে দেওয়া চাঁদার পরিমাণ সামষ্টিকভাবে বিবেচনা করতে হবে। এ বিনিয়োগের পরিমাণ ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও আয়ের (রিটেইন্ড) ২৫ শতাংশের বেশি হতে পারবে না। যেসব ব্যাংকের বিনিয়োগ এর চেয়ে বেশি রয়েছে, তারা তিন বছর সময় পাবে আইনি সীমার মধ্যে তা নামিয়ে আনতে। একই ধারায় আরও বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার এক বছর মেয়াদ অতিক্রম করার পর ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপক ওই কোম্পানিতে কোনো শেয়ার ধারণ করতে পারবেন না। ৪৬ ধারায় রাষ্ট্রমালিকানাধীনসহ সব ধরনের ব্যাংকের প্রধান নির্বাহীকে অপসারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়া হয়েছে।
সংশোধিত আইনে ১৪-খ ধারায় কিছু সংশোধন এনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি বা কোম্পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক বা যৌথভাবে কোনো ব্যাংক কোম্পানির ৫ শতাংশের বেশি শেয়ার ধারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন আইনে ব্যাংকের পরিচালকের সংখ্যা সর্বোচ্চ ২০ জনে সীমিত করা হয়েছে। বলা হয়েছে, এ আইন কার্যকর হওয়ার এক বছর পর থেকে কোনো ব্যাংক কোম্পানিতে তিনজন স্বতন্ত্রসহ ২০ জনের বেশি পরিচালক থাকবেন না। পরিচালকের সংখ্যা ২০ জনের কম হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা কমপক্ষে দুজন হবেন। স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিতে হবে।
সংশোধিত আইন অনুসারে কোনো ব্যাংকে একই সময়ে এক পরিবারের সর্বোচ্চ দুজন পরিচালক হবেন। পরিচালকের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো পরিচালক টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না।
বিলের ওপর আলোচনায় বিএনপির এ এম মাহবুব উদ্দিন বলেন, হাদিস-বয়ান শোনার জন্য এক ঘণ্টা সময় দেওয়া হলো, অথচ আইন প্রণয়নের জন্য এক মিনিট, তা তো হয় না। নিলোফার চৌধুরী স্পিকারের উদ্দেশে বলেন, কাউকে সুযোগ দেওয়ার আগে আপনি প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। স্পিকার আপনি নাকি প্রধানমন্ত্রী। তিনি অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
জবাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আপনারা যখন কথা বলেন, তখন আপনাদের দিকে তাকিয়ে থাকি। প্রধানমন্ত্রীর দিকে তাকানোর সুযোগ পাই না।
বিএনপির রেহানা আক্তার বলেন, ‘যে কয়েকজন মন্ত্রী সরকারের বোঝা, অর্থমন্ত্রী তাঁদের একজন। আমি এই বোগাস মন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’ শাম্মী আক্তার বলেন, সরকারি দলের সদস্যরা এখন সংসদে কোরআন তিলাওয়াত করছেন। একেই বলে ঠেলার নাম বাবাজি। আশিফা আশরাফী বলেন, বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যেভাবে ব্যাংক লুট হয়েছে, সে কায়দায় এবারও ব্যাংকের টাকা লুট হয়েছে। সোনালী ব্যাংকের টাকা লুট করে তানভীর-জেসমিন এখন জেলে। অথচ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বাইরে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন। আবুল খায়ের ভূঁইয়া ও এ কে এম হাফিজুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংককে টুকরা করার জন্য এ বিল আনা হয়েছে।
জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিলটি নিয়ে বিরোধী দলের সদস্যরা অসত্য বক্তব্য দিয়েছেন। এ আইনটি সংশোধনের কাজ তিন বছর আগে শুরু হয়েছে। এ বিষয়ে মতামত দেওয়ার সুযোগ ছিল। কিন্তু তাঁরা তা করেননি। এখন বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। মন্ত্রী আরও বলেন, সংসদ গোয়েবলসে ভরে গেছে। সংসদে একজন গোয়েবলসই যথেষ্ট ছিল। গ্রামীণ ব্যাংককে টুকরা করার কোনো উদ্দেশ্য সরকারের নেই।
মন্ত্রী আরও বলেন, বিএনপির দুই আমলে ব্যাংকের টাকা অনেক বেশি লুটপাট হয়েছে। গত আমলে খালেদা জিয়া তাঁর ছেলে, ভাই ও মামুনকে ৯৮০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন।
সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বিল: সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বিল সংসদে উত্থাপন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বিলের ওপর আলোচনায় বিএনপির শাম্মী আক্তার বলেন, পদ্মা সেতুর কাজ থেকে প্রধানমন্ত্রীর পরিবারের লোকজন কমিশন নিয়েছেন। এখন সড়ক রক্ষণাবেক্ষণ তহবিলের নামে নির্বাচনী তহবিল গঠন করা হবে।
নিলোফার চৌধুরী বলেন, ‘যোগাযোগমন্ত্রী বান্ডিল খান না। কিন্তু প্যাকেট নেন।’ স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেন, যোগাযোগমন্ত্রী সৎ। তবে সরকারের শেষ বেলায় এই বিল অর্থহীন। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী বলেন, যোগাযোগমন্ত্রী অর্থের অভাবে কাজ করতে পারছেন না।
বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, যাত্রাবাড়ী ফ্লাইওভারের মূল অংশ সেপ্টেম্বরের মধ্যে চালু হবে। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। ক্ষমতায় গেলে এর বাস্তবায়ন কাজ আপনাদেরই করতে হবে। কেন বিরোধিতা করছেন?
নদী রক্ষা কমিশন বিল: জাতীয় নদী রক্ষা কমিশন বিল সংসদে উত্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিলের উদ্দেশে বলা হয়েছে, দেশের নদ-নদীগুলোকে অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত এবং নদী দূষণ বন্ধ করতে এ আইন করা হচ্ছে। আরও বলা হয়েছে, নদীর অবৈধ দখল, পরিবেশদূষণ, শিল্পবর্জ্য দিয়ে নদীদূষণ, তীরভূমিতে অবৈধ কাঠোমো নির্মাণ বন্ধ করা, নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং পরিবহনযোগ্য নৌপথ গড়ে তোলার লক্ষ্যে এ কমিশন গঠন করা হচ্ছে।
বিলের ওপর আলোচনায় মাহবুব উদ্দিন বলেন, সাড়ে চার বছরে সব নদী দখল হয়ে গেছে। এখন শেষ বেলায় নদী রক্ষা কমিশন হচ্ছে।
বাংলা একাডেমী বিল: বাংলা একাডেমীর প্রশাসনিক পুনর্গঠন ও কাজের পরিধি বাড়াতে ‘বাংলা একাডেমী বিল ২০১৩’ গতকাল রোববার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
বিলটি সংসদে উত্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। পরে এটি দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি উত্থাপনের বিষয়ে বিরোধী দলের সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী আপত্তি জানিয়ে বলেন, বাংলা একাডেমী দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইতিহাস বিকৃত করে বই প্রকাশ করে।
জবাবে আবুল কালাম আজাদ বলেন, যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা পড়ালেখা না করে বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন। বিলটি পাস হলে ১৯৭৮ সালের বাংলা একাডেমী অধ্যাদেশ রহিত হয়ে যাবে। বিলের ওপর আরও আলোচনা করেন বিরোধী দলের শহীদ উদ্দীন চৌধুরী, মোশাররফ হোসেন, মোস্তফা আলী, হারুনুর রশিদ, রাশেদা বেগম, লুৎফর রহমান, রেহানা আক্তার প্রমুখ।
সবশেষে সংসদের অধিবেশন আজ দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়।