বিরোধী দলের উপনেতা ও চিফ হুইপ পদ পেতে জাপায় জোর তদবির
নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়া জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থী প্রভাবশালী নেতারা জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও চিফ হুইপ পদ পেতে জোর তদবির চালাচ্ছেন। তাঁদের কেউ কেউ বিরোধীদলীয় নেতা রওশনের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়েও দেনদরবার করছেন।
জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বিরোধী দলের উপনেতা ও চিফ হুইপ পদে দলীয় মনোনয়ন ঠিক করতে আজ মঙ্গলবার সকালে সংসদে জাপার সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। তবে এ দুই পদের মনোনয়নে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আজকের বৈঠকেও এরশাদ ও দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন থাকছেন না।
বিরোধী দলের উপনেতা ও চিফ হুইপ পদে মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘এটা করার এখতিয়ার বিরোধীদলীয় নেতার আছে। তবে এ বিষয়ে আমি যথেষ্ট অবহিত নই।’ তিনি বলেন, ‘ম্যাডামকে (রওশন) বলে আমি মঙ্গলবার সকালে আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী যাচ্ছি কম্বল বিতরণ করতে।’
জাপার সূত্রগুলো জানায়, বিরোধী দলের উপনেতার পদ পেতে দলের সভাপতিমণ্ডলীর তিনজন সদস্য কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম ও তাজুল ইসলাম চৌধুরী চেষ্টা চালাচ্ছেন। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর নামও উপনেতার তালিকায় আছে।
জাপার নীতিনির্ধারণে ভূমিকা রাখেন, এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের শীর্ষ মহল জিয়াউদ্দিন আহম্মেদকে উপনেতা করতে খুব আগ্রহী। এ ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকেও পরামর্শ ও একরকম চাপ আছে। রওশনের নেতৃত্বে জাপাকে নির্বাচনে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিয়াউদ্দিন। তাই সরকারও চায় মন্ত্রিসভায় না থাকা জিয়াউদ্দিন উপনেতা হোন। কিন্তু তিনি এ পদ নিতে আগ্রহী নন।
এই অনাগ্রহের কারণ সম্পর্কে জাপার নেতারা মনে করছেন, উপনেতার পদটি প্রতিমন্ত্রী পদমর্যাদার। এর আগে জিয়াউদ্দিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) ছিলেন। এসব কারণে তিনি পুরো বিষয়ে একেবারে নীরব রয়েছেন। গণমাধ্যমকেও এড়িয়ে চলছেন।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, উপনেতার পদ পেতে আগ্রহী তিনজনের মধ্যে বেশি তৎপর কাজী ফিরোজ ও তাজুল ইসলাম। কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তাজুলের বিতর্কিত ভূমিকা ও বারবার দলবদলের কারণে দলের ভেতরেই এ পদে তাঁর বিষয়ে বিরোধিতা আছে। তবে রওশনের ঘনিষ্ঠজন হিসেবে চিফ হুইপ পদে তাঁর মনোনয়ন প্রায় চূড়ান্ত।
জাপার দায়িত্বশীল নেতারা জানান, কাজী ফিরোজ রশীদ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা হলেও সরকার ও রওশনপন্থী নেতারা তাঁর ওপর ততটা আস্থাশীল নন। তালিকায় থাকা ফখরুল ইমাম রওশনের খুব ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলে পরিচিত।
দলীয় সূত্রগুলো জানায়, জাপার সংসদীয় দলের আজকের সভায় বিরোধীদলীয় চিফ হুইপ পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ফখরুল ইমাম জানান, উপনেতার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় নেওয়া হতে পারে।