বিরোধী দলের ওয়াকআউট
সংসদ অধিবেশনে যোগ দিয়ে দুই ঘণ্টা ১০ মিনিট পরই বেরিয়ে গেলেন বিরোধীদলীয় সাংসদেরা। তাঁরা এই সংসদে আর যোগ না দিলেও অবশ্য সদস্যপদ বাতিল হবে না।
সংসদে যোগ দিয়েই বিরোধী দলের সাংসদেরা হাজিরা খাতায় সই করেন। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রায় ৫০ মিনিট অধিবেশনকক্ষে ছিলেন। মাগরিবের নামাজের বিরতির সময় তিনি সংসদ ভবন ত্যাগ করেন। রাত আটটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে জামায়াতের দুজন, বিজেপির এক সাংসদসহ বিএনপির সাংসদেরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
সংসদ সদস্যপদ রক্ষা করতে হলে বিএনপিকে এই সংসদে যোগ দিতেই হতো। বিএনপি টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত ছিল।
গতকাল প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় অংশ নেন মওদুদ আহমদ। তিনি বলেন, সভা-সমাবেশের ওপর সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করছেন। এই নিষেধাজ্ঞার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে সংসদে ক্ষমা চাইতে বলেন তিনি। বিএনপি ওয়াকআউট করার পর আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমেদ বলেন, এই ওয়াকআউটের মধ্য দিয়ে প্রমাণিত হলো, বিএনপি সদস্যপদ রক্ষার জন্য সংসদে এসেছে। তারা শুধু বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ঠিক রাখতে সংসদে এসেছে।
অনির্ধারিত বক্তব্যে মওদুদ আহমদ বলেন, দেশে কি অঘোষিত জরুরি অবস্থা চলছে? মৌখিক আদেশে এমন জরুরি অবস্থা হয় না। দেশ কি এখন মুখের কথায় চলছে? মুখের কথায় মৌলিক অধিকার হরণ এই সরকারের কলঙ্কজনক কাজ হয়ে থাকবে।
হেফাজতে ইসলামের সমাবেশের আগের দিন একই জায়গায় বিএনপির মহাসমাবেশ থেকে খালেদা জিয়ার আলটিমেটাম এবং হেফাজতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া ভেবেছিলেন, তাঁরা ৫ তারিখ অবস্থান করবেন আর ৬ তারিখ সব তছনছ করে দেবেন। বিএনপি এ ধরনের সভা-সমাবেশ করার অনুমতি চায়? এ ধরনের সভা-সমাবেশের অনুমতি দেওয়া যায় না। তিনি বলেন, ‘আজকে সিগনেচার করে চলে গেলেন। আর ইচ্ছে করলে না-ও আসতে পারেন। আর দেখা না-ও হতে পারে।