বিরোধী দলের কণ্ঠ রোধ করতে সরকার হত্যার রাজনীতি শুরু করেছে। প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, এ সরকার গত এক বছরে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রেকর্ড করেছে। গতকাল সোমবার বিএনপি-সমর্থিত দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে বিএনপির নেতারা এসব কথা বলেন। পুলিশি হেফাজতে আমিরুল ইসলামকে হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রতিবাদ সমাবেশ করে। অন্যদিকে কারা হেফাজতে শ্রমিক দলের নেতা বি এম বাকীরের হত্যার ঘটনায় জাতীয় প্রেসক্লাবে শোকসভার আয়োজন করে ব্যাংকার্স এমপ্লয়িজ ফেডারেশন। দুটি কর্মসূচিতেই বিএনপির স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতারা বক্তব্য দেন। কর্মসূচিতে নেতারা বলেন, বিএনপির কণ্ঠ রোধের সরকারি পরিকল্পনার অংশ হিসেবে জাসাস নেতা আমিরুল ইসলামকে পুলিশি হেফাজতে ও শ্রমিক দলের নেতা বি এম বাকীর হোসেনকে কারা হেফাজতে হত্যা করা হয়েছে। আন্দোলনের প্রস্তুতির আহ্বান: নয়াপল্টনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ ভিন্নমত সহ্য করতে পারে না। এ জন্য তারা আগের মতো বিরোধী দলকে দমনের জন্য হত্যার পথ বেছে নিয়েছে। আর এ কাজে তারা প্রশাসনকে ব্যবহার করছে। তিনি বলেন, সরকার জাতীয় স্বার্থবিরোধী কাজ করছে। জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে। তাই এ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার আগে বলেছিলেন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবেন। কিন্তু তা না করে এখন বিরোধীদের সেই পন্থায় হত্যা করা হচ্ছে। জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন প্রমুখ বক্তব্য দেন। শোকসভা: প্রেসক্লাবে অনুষ্ঠিত শোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, গত এক বছরে সরকার বিচার-বহির্ভূতভাবে ১২৯ জনকে হত্যা করেছে। এ দায় থেকে সরকার রেহাই পেতে পারে না। তিনি বলেন, বাকীর হোসেনের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের মামলা ছিল হয়রানিমূলক। এ ধরনের মামলা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বাকীর হোসেনের মৃত্যুর ঘটনায় একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। ব্যাংকার্স এমপ্লয়িজ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী আলী খানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।