বিরোধী দলের কালো পতাকা মিছিল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের ‘এক-এগারো’ স্মরণে আগামীকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত কালো পতাকা মিছিল করবে ১৮ দলীয় জোট।এ ছাড়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৫ জানুয়ারি রাজধানীর সদরঘাট থেকে মহাখালীর উড়ালসেতুর নিচ পর্যন্ত মানবপ্রাচীর তৈরি করবে বিএনপির নেতৃত্বাধীন বিরোধীদলীয় এই জোট।গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত থাকা জোটের দায়িত্বশীল এক নেতা প্রথম আলোকে এই সিদ্ধান্তের কথা জানান। বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।