বিরোধী দলের জন্যই সংসদের মেয়াদ বৃদ্ধি: জাফরউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। ফাইল ছবি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। ফাইল ছবি

বিরোধী দলের মতামত তুলে ধরতেই সংসদের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা যেন আপনাদের মতামত তুলে ধরতে পারেন, সেজন্য সংসদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রস্তুতি সভায় কাজী জাফরউল্লাহ এসব কথা বলেন।
কাজী জাফরউল্লাহ বলেন, ‘আমরা দেশকে নির্বাচনী আবহে নিয়ে এসেছি। সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে ঠিক সময়মতো নির্বাচন হবে। সকল দলকে বিশেষ করে বিরোধী দলকে বলতে চাই, আপনারা নির্বাচনে আসুন। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আপনারা চাইলে আমরা যেকোনো সময় আলোচনা করতে প্রস্তুত।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশ ও জাতির স্বার্থে নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন, যেন তা সবার কাছে গ্রহণযোগ্য হয়।
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনার দলের নেতারা ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন, প্রচারও করছেন। শুধু আপনার সিগন্যালের অপেক্ষায় রয়েছেন।’
আজকের এ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগ মনোনয়নপত্র ছাড়া হবে। প্রতিটি মনোনয়নপত্রের দাম ২৫ হাজার টাকা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের তিনতলা থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ মনোনয়নপত্র বিক্রি করা হবে।