বিরোধী দলের ডাকা হরতাল ‘উন্মাদের সিদ্ধান্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের ডাকা হরতাল কর্মসূচিকে ‘উন্মাদের সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ বঙ্গবীর এম এ জি ওসমানী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আঞ্চলিক স্কাউট সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি শুনেছি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিএনপি হরতাল ডেকেছে। এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ উমঞ্চাদের মতো। দাম বাড়ার পরও বিশ্ববাজারের তুলনায় আমাদের দেশে তেলের দাম এখনো কম। এটা (হরতাল ডাকা) কোনো দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না।’ আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিএনপি এবং খালেদা জিয়া দেশ চালিয়েছেন, তাঁরা জানেন রাষ্ট্র কীভাবে চালাতে হয়। অথচ জেনে-বুঝে তাঁরা বিরোধিতা করছেন। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের বিরোধী দল খুবই দায়িত্বহীন বিরোধী দল।’ অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, বিরোধী দল তখন আন্দোলন-সংগ্রামের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এটা দুঃখের বিষয়। এর আগে অনুষ্ঠিত সভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ব স্কাউট কমিটির সাবেক সভাপতি হাবিবুল আলম, সাবেক সচিব এ কে এ মুবিন, রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমদ আল কবির ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সাবেক শিক্ষক বিরাজ মাধব চক্রবর্তী, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছিরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক এমদাদুল হক সিদ্দিকী। অর্থমন্ত্রী স্কাউট জাম্বুরি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘স্কাউট সমাজে শৃঙ্খলাবোধকে শক্তিশালী করে। যুবসমাজকে শক্তিশালী করতে স্কাউটের কোনো বিকল্প নেই। স্কাউট সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আলোকিত জীবন গড়ে তোলার জন্য কাজ করতে হবে।’ বেলা আড়াইটায় অর্থমন্ত্রী গোলাপগঞ্জ পৌরসভার এক যুগ পদার্পণ উপলক্ষে আয়োজিত ‘উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।