বিরোধী দলের দুই দফাওয়াকআউট
জাতীয় সংসদে গতকাল বুধবারের অধিবেশনে দুই দফা ওয়াকআউট করেছে বিরোধী দল। সন্ধ্যায় প্রশ্নোত্তর পর্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে বিরোধীদলীয় সদস্যরা প্রথমবার ওয়াকআউট করেন। পরে রাতে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সময় কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলে তাঁরা দ্বিতীয় দফা ওয়াকআউট করেন।
মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির সদস্যরা ওয়াকআউট করার সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে মওদুদ আহমদ ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উপস্থাপন না করাসহ কয়েকটি বিষয় উত্থাপন করে সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমদ। এরপর স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিএনপির সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। স্পিকার কোন বিধিতে তিনি বক্তব্য দিতে চান, তা তাঁর কাছে জানতে চান। ফ্লোর পেয়ে পাপিয়া ‘তারেক রহমান সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ ব্রিফিং’ নিয়ে বক্তব্য দিতে চান। এ সময় স্পিকার বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হয় না। এর পরও পাপিয়া বক্তব্য অব্যাহত রাখলে স্পিকার মাইক বন্ধ করে দেন। স্পিকার তাঁকে কার্যপ্রণালি বিধি অনুযায়ী নোটিশ দিয়ে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন। এ নিয়ে বিরোধী সাংসদেরা হইচই করেন। একপর্যায়ে তাঁরা সংসদে কথা বলতে না দেওয়ার প্রতিবাদে ওয়াকআউট করেন।
ওয়াকআউটের আগে অনির্ধারিত আলোচনায় বিএনপির সাংসদ মওদুদ আহমদ বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নারায়ণগঞ্জে কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক। বিনিয়োগ বোর্ডের অনুমতি না নিয়েই তারা এটা করেছে। পত্রিকায় দেখলাম, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে কিছু জানে না। বিএনপি ক্ষমতায় থাকলে ভারত এটা করতে পারত না।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে তিনটি চুক্তি করেছেন। কিন্তু এসব চুক্তি সংসদে উপস্থাপন না করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। জাতি জানে না ভারতের সঙ্গে কী চুক্তি করা হয়েছে। এ ছাড়া তিনি ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন।
জবাবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ভারতের একটি প্রাইভেট কোম্পানি কনটেইনার টার্মিনাল নির্মাণ নিয়ে সমীক্ষা করার জন্য সরকারের অনুমতি নিয়ে এটা করেছে। এটা চীনও করতে পারত। কিন্তু ভারতের নাম শুনে তাঁরা সমালোচনা করছেন। ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই প্রধানমন্ত্রী চুক্তি সই করেছেন। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কখনো দেশের স্বার্থ বিসর্জন দিতে পারি না।’ এর আগে মাত্র ৩৫ মিনিট সংসদে থেকে সন্ধ্যায় প্রথম দফা ওয়াকআউট করেন বিরোধী দলের সাংসদেরা। তবে মাগরিবের নামাজের বিরতির পর তাঁরা আবারও অধিবেশনকক্ষে ফিরে আসেন। প্রশ্নোত্তর পর্বে পাটমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সামরিক শাসক ও ’৭৫-পরবর্তী সামরিক শাসন না এলে বিএনপি নেতা মওদুদ সংসদে আসতে পারতেন না, এবারও যে এসেছেন, বিএনপির চেয়ারপারসনের ছেড়ে দেওয়া আসনে।
এ সময় বিএনপির সাংসদেরা দাঁড়িয়ে প্রতিবাদ করেন ও হইচই করেন। সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটের দিকে পাটমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান মওদুদ। একপর্যায়ে ওয়াকআউট করেন তাঁরা।
শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।