বিরোধী দলের নেতা কর্মীকে বন্দুক ঠেকিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, ‘সাম্প্রতিক বিরোধী দলের আন্দোলন দমনের নামে সরকার বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে। যৌথ বাহিনীর অভিযানের খবর সংগ্রহ করার জন্য সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না। আমাদের কাছে অভিযোগ এসেছে, যৌথ বাহিনীর অভিযানের আড়ালে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী বিরোধী দলের অনেক নেতা-কর্মীর গায়ে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। অধিকাংশ অভিযান চালানো হচ্ছে রাতের বেলায়। চলছে টার্গেটেড কিলিং।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে খন্দকার মাহবুব হোসেন এ অভিযোগ করেন।

ব্যানারে অনুষ্ঠানের আয়োজক হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, পেশাজীবী ও বুদ্ধিজীবী নেতৃবৃন্দ লেখা ছিল।

লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব অভিযোগ করে বলেন, বিরোধী মতের অসংখ্য গণমাধ্যম ফ্যাসিবাদী কায়দায় বন্ধ করে দিয়েছে সরকার। অন্যান্য স্বাধীন গণমাধ্যমকে প্রচণ্ড হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। সরকারের রোষানলের ভয়ে সত্য ঘটনা আড়াল করছে।

নির্বাচন কমিশনের উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, ‘আপনারা একদলীয় নির্বাচন আয়োজনের পথ থেকে সরে আসুন। সরকারের তল্পিবাহকের ভূমিকা পালন করে এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলঙ্কিত করবেন না। আপনাদের একতরফা তফসিল ঘোষণার কারণে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে, তফসিল ঘোষণার পর সহিংসতায় সারা দেশে ১১৫ জন নিহত হয়েছে। নতুন করে তফসিল ঘোষণা করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করুন।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব জানান, ‘সহিংসতার প্রকৃত ঘটনা অনুসন্ধানে দেশের নিরপেক্ষ সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা তথ্য-প্রমাণসহ উপস্থাপন করা হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় পরে মতবিনিময় সভা হয়।  

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, সংসদীয় ব্যবস্থায় একতরফা নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয় না। ৫ জানুয়ারি সরকার একতরফা নির্বাচন করতে যাচ্ছে।

মতবিনিময়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।