বিরোধী দলের নেতাদের জামিনের বিষয়ে শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানো মামলায় বিরোধী দলের নেতাদের জামিন প্রশ্নে রুলের ওপর কাল বুধবার শুনানি হবে। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে ২৭ মে হাইকোর্ট বিরোধী জোটের পাঁচ সাংসদের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার জামিন প্রশ্নে রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। গতকাল আবেদনকারী নেতাদের পক্ষে আইনজীবীরা রুল শুনানির দিন নির্ধারণের আরজি জানান। আদালত ৬ জুন শুনানির দিন নির্ধারণ করেন। আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। পরে আইনজীবী জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, সবার জামিন প্রশ্নে রুল শুনানির দিন নির্ধারণের জন্য তালিকায় ছিল। আদালত ৬ জুন শুনানির দিন ধার্য করেছেন।গত ২৯ এপ্রিল হরতাল শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলার ১১ দিনের মাথায় ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ১৬ মে মহানগর হাকিমের আদালতে ৩৩ নেতা হাজির হন। ওই দিন তাঁদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরে মহানগর দায়রা জজ আদালতও জামিন আবেদন খারিজ করে দিলে তাঁরা হাইকোর্টে আবেদন করেন।