বিরোধী দলের বিরুদ্ধে মামলা দিতে সরকার গাড়ি ভাঙে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ১৮ দলীয় জোট ভাঙচুরের রাজনীতি করে না। হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় সরকারের। কেননা সরকার নিজেরা এসব করে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দেশে যে ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছে, তার ষোলো আনা দায় আওয়ামী লীগ সরকারের।মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলন নস্যাৎ করতে সরকার দমন-পীড়ন চালাচ্ছে। এই দমন-পীড়ন বন্ধ না হলে জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের পথ বেছে নেবে। প্রকৃত যুদ্ধাপরাধী কারা, সেই তালিকা দিতে বিএনপির প্রতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যে আহ্বান জানিয়েছিলেন, সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা তথ্যমন্ত্রীর ভালোই জানা আছে। তিনিই তো তালিকা দিতে পারেন। হরতালের বিএনপি ছাড়া জোটের অন্য শরিক দলের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি, এর কারণ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, শরিক সব দলই মাঠে ছিল। হরতাল সফল করতে তারা কাজ করেছে। বিএনপির অনেক নেতা হয়তো মিছিল বা পিকেটিংয়ের সময় গণমাধ্যমকর্মীদের ফোন করেন। এ জন্য তাঁদের দেখা যায়। অন্যরা এটা করে না, তাই হয়তো তাদের দেখেন না। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।