বিরোধী দলের ষড়যন্ত্রে আড়িয়ল বিলে বিমানবন্দর হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, বিরোধী দলের ষড়যন্ত্রের কারণে আড়িয়ল বিলে বিমানবন্দর হয়নি। এতে উন্নয়নে দোহার-নবাবগঞ্জবাসী শত বছর পিছিয়ে পড়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল শনিবার প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার খোকন ভিনসেট গমেজ। আব্দুল মান্নান খান বলেন, আড়িয়ল বিলে বিমানবন্দর ও আধুনিক শহর নির্মিত হলে দোহার-নবাবগঞ্জসহ ঢাকার দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি হতো। বিরোধী দলের ষড়যন্ত্রে তা সম্ভব হয়নি। তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সাধারণ জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করে আন্দোলনের নামে সহিংসতা ঘটিয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, মেধাবী জাতিই পারে উন্নত দেশ গড়তে। শিক্ষকেরা মেধাবী জাতি গঠনে সক্রিয় থাকবেন। আর সরকার তাঁদের সহযোগিতা দেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আক্তার, সৈয়দা হাসিনা মান্নান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, হলিক্রস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সুরুজ আলম প্রমুখ।