বিরোধী দলের সংসদে না যাওয়ার কোনো কারণ নেই: স্পিকার
স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘বিরোধী দলের সংসদে যোগ না দেওয়ার কোনো কারণ নেই। তারা গত অধিবেশনের মতো এ অধিবেশনেও যোগ দেবে বলে আশা করি। কারণ সংসদীয় গণতন্ত্রে সরকারি ও বিরোধী দল মিলেই সবকিছু চলে।’গতকাল শনিবার সংসদ ভবন মিডিয়া সেন্টারে হাওরবাসীর জীবন কথা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্পিকার বলেন, গত অধিবেশনের পর তো আর নতুন করে সংসদ বর্জনের মতো কোনো ঘটনা ঘটেনি। তা ছাড়া বিরোধী দল এখনো বলেনি যে তারা সংসদে আসবে না। বিরোধী দলের আন্দোলনের কর্মসূচি সম্পর্কে স্পিকার বলেন, বিরোধী দলের আন্দোলনে কোনো আপত্তি নেই। নিষেধাজ্ঞাও নেই। এ আন্দোলনের সঙ্গে সংসদে আসা না-আসারও কোনো সম্পর্ক নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি হরতাল ডাকাকে ভালো মনে করে হয়তো ডেকেছে। হরতাল ডাকা তাদের অধিকার। এর আগে বইটির প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় স্পিকার বলেন, হাওর এলাকার অস্তিত্ব টিকিয়ে রাখতে এ অঞ্চলের সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তরুণ গবেষক এ এস এম ইউনুছের লেখা বইটিতে হাওরবাসীর দুঃখ-দুর্দশা, সমস্যা ও সম্ভাবনা এবং আর্থসামাজিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ এম এ মান্নান, রেবেকা মোমিন, বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, এশিয়াটিক সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম, শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নাগরিক সংহতির সভাপতি এ এস এম আতীকুর রহমান। স্পিকার বলেন, বর্তমান সরকার হাওরের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে হাওরাঞ্চলের চিত্র বদলে যাবে।