বিরোধী দলের সাড়া পেলে আ.লীগ সংলাপে বসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধী দলের ইতিবাচক সাড়া পেলে আওয়ামী লীগ সংলাপে বসবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি বাংলা রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে যে প্রস্তাব দিয়েছেন, সে ব্যাপারে বিরোধী দল ইতিবাচক সাড়া দেবে। বিএনপি প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমি হতাশ নই। আমরা রাজনীতিবিদেরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি। আবার সেই সিদ্ধান্ত বাস্তবতা বুঝে পরিবর্তন করি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’ তিনি বলেন, ‘বিরোধী দল যদি আগেই বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না; তাহলে আলোচনার ব্যাপারে আমাদের দিক থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার সুযোগ কম থাকে। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি কোনো ইতিবাচক কথা বললে আওয়ামী লীগ আলোচনায় বসার আহ্বান জানাতে পারে।’ আগামী নির্বাচনের রূপরেখা সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, আগামী নির্বাচনের রূপরেখা কী হবে তা নির্ধারণের জন্যই তো বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার কথা বারবার বলা হচ্ছে। আমরা চাই তারা সংসদে এসে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা কেমন হবে তা নিয়ে প্রস্তাব দিক। তারপর আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের হয়ে আসবে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নানা জটিলতা রয়েছে। তার পরও আগামী ডিসেম্বরের মধ্যে আটককৃতদের বিচার সম্পন্ন করা হবে।অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।