পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামে করা দুটি মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১১৬ জন নেতা-কর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।জামিনপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উত্তর জেলা বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।১৩ মে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিরোধী দলের কর্মীদের সংঘর্ষের ঘটনায় প্রায় আড়াই হাজার নেতা-কর্মীকে আসামি করে পৃথক ছয়টি মামলা হয়। এর মধ্যে পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধা দানের অভিযোগে করা দুটি মামলাসহ কোতোয়ালি থানায় হয় চারটি মামলা। তবে কোতোয়ালি থানার দুটি মামলায় গতকাল ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন।আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী সাকিলা ফারজানা ও গাজী কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। সাকিলা ফারজানা প্রথম আলোকে বলেন, কোতোয়ালি থানায় করা দুটি মামলায় ১৮ দলীয় জোটের ১১৬ জন নেতা-কর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।