হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।গতকাল রোববার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে আদালত আগামী ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন।এ মামলায় আসামিরা সবাই জামিনে আছেন। তাঁদের মধ্যে মির্জা ফখরুলসহ ১৩ জন ছিলেন অস্থায়ী জামিনে। গতকাল তাঁদের জামিন স্থায়ী করেন আদালত। এ ছাড়া হাইকোর্ট থেকে জামিনে থাকা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা গতকাল নতুন করে জামিন নেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।গতকাল আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, এজাহারে বলা হয়েছে, দুজন মোটরসাইকেল আরোহী সচিবালয়ের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশ মামলাটি তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। এজাহারে বর্ণিত ওই দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত না করেই অভিযোগপত্র দেওয়া হয়েছে। আর অভিযোগপত্রের আসামিদের হামলাকারীদের সহযোগী হিসেবে দেখানো হয়েছে। তাই অভিযোগপত্র গ্রহণের আইনগত সুযোগ নেই। এ সময় বিচারক আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘এ অবস্থায় মামলাটি স্থগিত করে দিলে ন্যায়বিচার হবে কি না?’ জবাবে আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতের সিদ্ধান্ত উত্থাপন করে বলেন, মূল আসামিকে বাদ দিয়ে যদি অভিযোগপত্র দেওয়া হয়, তবে মামলাই চলবে না। তাই অভিযোগপত্র গ্রহণ না করাটাই আইনানুগ হবে।এই বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার সুযোগ রয়েছে। আসামিদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। তাই অভিযোগপত্র গ্রহণের আইনগত কোনো বাধা নেই। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন, সানাউল্ল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, মোহসীন মিয়া, গোলাম মোস্তফা খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্ল্লাহ আবু, অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, এ এফ এম রিজাউর রহমান ও তাপস কুমার পাল।বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল দলটির ডাকা হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় পুলিশ একটি মামলা করে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৩১ মে আদালতে মামলাটির অভিযোগপত্র দেয়।