বিরোধী নয়, বিদ্রোহীরাই গলার কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলপুর, পশ্চিম গোলাপবাগ ও ব্রাহ্মণচিরণ এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড। মোট ভোটার ৩৯ হাজার ৯২০ জন। এখানে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সমর্থিত প্রার্থীদের গলার কাঁটা তাঁদের বিদ্রোহীরা।
আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন গাজী শামীম আহমেদ। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ নামধারী অপর প্রার্থী তাঁর সবচেয়ে বেশি ক্ষতি করছেন। তিনি বলেছেন, ‘একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগ নামধারী রাগীব আহসান। ঝড়-বৃষ্টি যত না ক্ষতি করেছে, বিদ্রোহী প্রার্থীর লোক তার চেয়ে বেশি ক্ষতি করছে। পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। অপপ্রচার চালাচ্ছে।’
রাগীবের দাবি, তিনি আওয়ামী লীগের নাম ভাঙাচ্ছেন না। এটা তাঁর বিরুদ্ধে অপপ্রচার। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি নির্বাচন করছেন।
২০-দলীয় জোটের সমর্থন পেয়েছেন জাতীয় পার্টির (জাফর) মহানগর সভাপতি মো. খালেকুজ্জামান চৌধুরী। তাঁর যত অভিযোগ বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী বাদল সরদার এবং জাতীয় পার্টির স্থানীয় নেতা আক্তার হোসেনের বিরুদ্ধে। তিনি বললেন, ‘সরকারি দল আমার জন্য কোনো সমস্যা নয়। তারা আমার কোনো ক্ষতি করছে না। কিন্তু এলাকায় আমার চিহ্নই যাতে না থাকে, সে জন্য আমার পোস্টার, স্টিকার—সব ছিঁড়ে ফেলা হচ্ছে। এর পেছনে আছে বাদল সরদার, আক্তার হোসেন ও তাঁদের লোকেরা। আমার কাছে প্রমাণও আছে।’
খালেকুজ্জামান আরও বলেন, বাদল সরদার একবার ওয়ার্ড কাউন্সিলর ছিলেন আর তিনি ছিলেন একাধিকবার। এলাকাবাসী এটা ভালো করেই জানেন। বিএনপির বেশির ভাগ লোক তাঁর পক্ষে কাজ করছেন। তিনি এলাকার সিটিপল্লি কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী বাদল সরদারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর আইনজীবী জাহিদ কাওসার বলেন, খালেকুজ্জামানের অভিযোগ সত্য নয়। তিনি কমিশনে অভিযোগ করেছিলেন। কিন্তু কোনো সত্যতা পাওয়া যায়নি। জাতীয় পার্টির আক্তার হোসেনও অভিযোগ অস্বীকার করেছেন।
নাগরিক সুবিধা অনুপস্থিত: ওয়ার্ডের গোলাপবাগ ও ব্রাহ্মণচিরণের অলিগলিগুলোর প্রায় সবই বিধ্বস্ত। গত দু-এক দিনের মধ্যে বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তাঘাটে ময়লা পানি।
এখানে ড্রেনেজ ও পয়োনিষ্কাশন লাইন অপর্যাপ্ত। ধলপুর কমিউনিটি সেন্টারের কাছে রয়েছে একটি কাঁচাবাজার। সেখানকার ফেলে দেওয়া পচা উচ্ছিষ্ট থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। গোলাপবাগ মাঠের কাছে দেখা গেছে আবর্জনার স্তূপ, যদিও ২০০ গজের মধ্যেই রয়েছে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়।
ওয়ার্ডজুড়ে পানির কষ্ট। স্থানীয় লোকজন জানান, মোটর ব্যবহার না করে পানি পাওয়া যায় না। লুৎফুর ছোবহান নামের গোলাপবাগের একজন বাসিন্দা রসিকতা করে বললেন, ‘মক্কার মানুষ হজ পায় না। ঢাকার পানি সরবরাহ হয় যে সায়েদাবাদ পানি শোধনাগার থেকে, সেটি ৪৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। অথচ এর সরবরাহ পাইপলাইন এলাকায় নেই।’
কয়েকজন বাসিন্দা জানালেন, এলাকায় খেলার মাঠ নেই। স্টেডিয়াম থেকেও নেই। ছেলেপুলেরা খেলতে পারে না। এসব অভিযোগ প্রার্থীরা শুনছেন। প্রতিশ্রুতিও দিচ্ছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম আহমেদ গতকাল ধলপুর এলাকায় গণসংযোগকালে বলছিলেন, এলাকায় একটি বিশ্ববিদ্যালয় করবেন। ব্যাংকের শাখা করবেন। দূর করবেন বিদ্যুৎ, পানির কষ্ট। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করবেন এলাকা। তিনি প্রথম আলোকে বলেন, ‘এত দিন মেয়রও ছিলেন না, কাউন্সিলরও ছিলেন না, সুতরাং এলাকাবাসী যে সমস্যাগুলোর কথা বলেছেন, সেগুলো থাকাই স্বাভাবিক। নিরপেক্ষ নির্বাচন হলে আমিই নির্বাচিত হব।’
খালেকুজ্জামান গতকাল গণসংযোগ করেন ধলপুর লিচুবাগান এলাকায়। তিনি সমস্যাগুলো সমাধানে তাঁর কিছু পরিকল্পনার কথা জানান। এর মধ্যে একটি হচ্ছে এলাকায় ১০০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা।
প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্য প্রার্থীরাও। রাগীব আহসান গতকাল গণসংযোগকালে ধলপুর কাঁচাবাজারকে আধুনিক বাজারে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
তবে একটি বিষয়ে সব প্রার্থীই কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক নির্মাণের সময় গোলাপবাগ মাঠটিকে নির্মাণ সরঞ্জাম রাখা ও ব্লক তৈরির কাজে ব্যবহার করা হয়। এটিকে উদ্ধার করে স্টেডিয়ামে রূপ দেওয়া এবং সেখানে শিশুদের জন্য খেলার মাঠ করতে চান সবাই।