বিরোধী দলকে লাশের রাজনীতি না করার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অভিযোগ, বিরোধীদলীয় নেত্রী লাশের ওপর পা দিয়ে ক্ষমতায় যেতে চান। গতকাল রোববার গণভবনে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। লক্ষ্মীপুর ও চাঁদপুরের জনসভায় খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচার শুরু হওয়ায় তিনি (খালেদা জিয়া) অস্থির হয়ে গেছেন। দুর্নীতির টাকা রক্ষার জন্যই বিরোধী দলের এত হুমকি-ধমকি। প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) ও তাঁর অর্থমন্ত্রী যখন জরিমানা দিয়ে কালোটাকা সাদা করেন, তখন বোঝা যায় ওই সরকারের সময়ে কী পরিমাণ দুর্নীতি হয়েছে।’ শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেত্রী জনগণকে লুলা-ল্যাংড়া করে দেওয়ার কথা বলছেন। কারণ, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তিনি আশা করেন, এ ধরনের কথা বিরোধীদলীয় নেত্রী আর বলবেন না। বলার আগে আয়নায় নিজের চেহারাটা দেখে নেওয়ার অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলা ঠিক না। আমরা প্রতিবন্ধীদের জন্য চাকরিক্ষেত্রে শতকরা এক ভাগ কোটা রেখেছি। পরীক্ষায় তাদের জন্য ১৫ মিনিট সময় বেশি দেওয়া হয়। যখন আমরা প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত করছি, তখন একজন নেতা ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন কথায় এই জনগোষ্ঠী মর্মাহত হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে নির্বাচন মানেই ছিল ভোট চুরি, ভোট ডাকাতি আর কেন্দ্র দখল। মাগুরা উপনির্বাচন ও ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন তার প্রমাণ। ওই পরিস্থিতির পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিলাম। কিন্তু বর্তমান সরকারের আমলে প্রায় সাড়ে পাঁচ হাজার জায়গায় বিভিন্ন পর্যায়ে নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনে কেউ কোনো অভিযোগ তুলতে পারেনি। ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবির পেছনে যুক্তি কী?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচনা বক্তব্যের পর জেলার সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মাযহারুল হক প্রধান। প্রধানমন্ত্রীর সামনে তৃণমূল নেতারা সাংগঠনিক বিষয় ছাড়াও বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তির কথা তুলে ধরেন। বৈঠক সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলা ও সহযোগী সংগঠনের নেতারা জরুরি ভিত্তিতে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার তাগিদ দিয়ে বলেন, সারা দেশে উন্নয়ন অনেক হচ্ছে, কিন্তু এত উন্নয়ন কোনোই কাজে লাগবে না যদি দল সংগঠিত না হয়। দলকে সংগঠিত করতে না পারলে আগামীবার ক্ষমতায় যাওয়া কঠিন হবে। প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত নেতাদের এ বিষয়ে কাজ করার জন্য তাৎক্ষণিক নির্দেশ দেন। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিরোধী দলের নেতিবাচক বক্তব্যের জবাব মানুষের সামনে তুলে ধরার জন্য তৃণমূল নেতাদের নির্দেশ দেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফর উল্যাহ, সতীশ চন্দ্র রায়, মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, এইচ এন আশিকুর রহমান, প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।