বিরোধী মত দমনে চরম পন্থা বেছে নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী মতকে দমন করে সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই দমন-পীড়নের চরম পন্থা বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকায় ১৮-দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দলের মুখপাত্র শফিকুল ইসলাম এ অভিযোগ করেন। তিনি বলেন, জনতার কণ্ঠরোধ করার জন্যই অসাংবিধানিকভাবে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ারকে কারাগারে পাঠানো, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ গ্রেপ্তারি পরোয়ানা জারি, অধ্যাপক আসিফ নজরুলকে হত্যার হুমকি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত ও জামায়াতের সদস্য আসাদ বিন হাফিজকে গ্রেপ্তার এবং শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে রিমান্ডের নামে অমানুষিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি এ অভিযোগ করেন। পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান জামায়াতের আটক নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, ছাত্রশিবিরের সভাপতিকে নির্যাতনের প্রতিবাদে ১৮-দলীয় জোটের ডাকা হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।