সরকার কোনো ধরনের বিরোধী মতকে সহ্য করতে পারছে না। মামলা আর নানা ধরনের হয়রানির মাধ্যমে বিরোধীপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার সার্বক্ষণিক পাঁয়তারা চালাচ্ছে। আর সরকারের এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছে পুলিশ বাহিনী। অথচ ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিলেও তা নিয়ে কোনো আইনগত পদক্ষেপ খুব একটা গ্রহণ করা হয় না।
গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপে অংশগ্রহণকারীদের বেশ কয়েকজন বক্তৃতায় অংশ নিয়ে এসব কথা বলেছেন। সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শ নারী-পুরুষ অংশ নেন। বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করেছে।
সংলাপে প্যানেল আলোচকের বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য নাসিম হোসাইন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুনতাহা রাকিব। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন আকবর হোসেন। অনুষ্ঠানে নির্ধারিত চারজন প্রশ্নকারী ছাড়াও সাম্প্রতিক ইস্যুতে অন্তত ১৫ জন দর্শক মতামত প্রকাশ ও প্রশ্ন করেন।
সংলাপের শুরুতেই নগরের খরাদীপাড়া এলাকার বাসিন্দা পরেশ চন্দ্র দাশ প্রশ্ন রাখেন, ‘উৎপাদন খরচ কমার পরও বাংলাদেশে বিদ্যুতের মূল্য বাড়ানো কতটা যুক্তিসংগত?’ দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা সন্দীপন ভট্টাচার্য জানতে চান, বিএনপিকে নেতৃত্বশূন্য করার পাঁয়তারা সরকার চালাচ্ছে কি না? এ দুজন ছাড়াও সাম্প্রতিক কয়েকটি ইস্যুতে আলোচকদের কাছে প্রশ্ন রাখেন মীরের ময়দান এলাকার সৈয়দা শাহীন আক্তার ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা খৈরম ইন্দ্রজিৎ।
আলোচকের বক্তব্যে নাসিম হোসাইন অভিযোগ করেন, ‘বিএনপির ওপর সরকার নানাভাবে স্টিম রোলার চালাচ্ছে। ঢাকার ৪৫টি থানার ৩৯টিতে একটি বিশেষ জেলার ওসিকে রাখা হয়েছে। পুলিশ দিয়ে অন্যায়ভাবে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দায়েরের পাশাপাশি হয়রানি করা হচ্ছে। পুলিশ এখন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী হয়ে গেছে।’
এম এ মান্নান বলেন, ‘আপনারা (বিএনপি) রেললাইন উপড়াবেন, হরতাল-অবরোধ করে দেশের ক্ষতি করবেন, ফৌজদারি অপরাধ করবেন, আবার ভাববেন পুলিশ আপনাদের কিছুই করবে না। সেটা কীভাবে সম্ভব?’ প্রতিমন্ত্রী বলেন, দেশ এখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এ সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার আগে মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার, এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ ডলারে।
উৎপাদন খরচ কমার পরও বিদ্যুতের মূল্য বাড়ানোর বিষয়টি ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যা দিয়েছেন প্যানেল আলোচক এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও মুনতাহা রাকিব। তাঁরা দুজনেই বিদ্যুতের মূল্য কমানোর পক্ষে মতামত দেন। এ প্রসঙ্গে নাসিম হোসাইন বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য না বাড়িয়ে যারা কোটি কোটি টাকা লোপাট করে নিচ্ছে, তাদের ধরা উচিত ছিল সরকারের। জ্বালানির মূল্য বাড়ায় উৎপাদন খরচ বাড়বে এবং সেটা সাধারণ মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়াবে।
বিদ্যুতের মূল্য বাড়ানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এটাকে বাড়ানো বলে না, বলা যায়—আমরা ভর্তুকির পরিমাণ কমাচ্ছি। এখন দেশে লোডশেডিং নেই, মানুষের আয় বেড়েছে। গ্রামাঞ্চলের মানুষ জ্বালানির জন্য মাসে দুই থেকে তিন হাজার টাকা খরচ করছেন, আর শহরের মানুষ মাত্র ৬০০ টাকায় পুরো মাস জ্বালানি হিসাবে গ্যাসের বিল মেটাচ্ছেন। কেবল সমালোচনার জন্য সমালোচনা না করে এ তুলনাটা করে দেখতে হবে।’