বাংলাদেশের বিরোধী এক রাজনৈতিক নেতার বিষয়ে তথ্য পেতে এবং তাঁর ক্ষতি করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) এক এজেন্টসহ দুজনের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন এক বাংলাদেশি নাগরিক। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় ওই তিনজনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশি ওই নাগরিকের নাম রিজভি আহমেদ ওরফে সিজার (৩৪)। আর এফবিআইয়ের সাবেক ওই এজেন্টের নাম রবার্ট লাস্টইক (৫০)। গ্রেপ্তারকৃত অপরজন লাস্টইকের বন্ধু জোহানেস থালার।
মার্কিন বিচার মন্ত্রণালয় গত শুক্রবার জানায়, বাংলাদেশের ওই বিরোধী রাজনৈতিক নেতার সম্পর্কে এফবিআইয়ের কাছে থাকা গোপন তথ্য পেতে থালারের মাধ্যমে তাঁর বন্ধু লাস্টইকের সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশি নাগরিক রিজভি আহমেদ। এর অংশ হিসেবে তিনজনের মধ্যে যোগাযোগ হয়। লাস্টইক ও থালারের মধ্যে মুঠোফোনের খুদেবার্তাও আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে। একটি খুদেবার্তায় দেখা যায়, গোপন তথ্য দেওয়ার বিনিময়ে রিজভি আহমেদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ে তাঁকে চাপ দেওয়ার জন্য থালারকে বলছেন লাস্টইক। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত তথ্য বিনিময়ে অর্থ লেনদেন নিয়ে তাঁদের মধ্যে যোগাযোগ হয়।
বাংলাদেশি ওই রাজনীতিক কোথায় আছেন তা জানতে এবং তাঁর ও তাঁর সহযোগীদের ক্ষতি করার জন্য রিজভি আহমেদ এফবিআইয়ের গোপন তথ্য পেতে চেয়েছিলেন বলে জানা গেছে।