বিরোধীদলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবি
বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এরা বিরোধী দলের নেতাদের মুক্তির দাবি জানিয়েছে। গতকাল রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও বিবৃতিতে এ দাবি জানিয়েছে তারা।
দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তারের করায় উদ্বেগ প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে মানবাধিকার প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলেছে, চলমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে সব পক্ষকেই আলোচনার মাধ্যমে সংকট নিরসনে উদ্যোগী হতে হবে। রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা পরিহার করারও আহ্বান জানিয়েছে আসক।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এক বিবৃতিতে গণতন্ত্র রক্ষায় সরকারকে বিরোধী দলের নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি মেনে নেওয়া এবং গ্রেপ্তার করা বিরোধী শীর্ষ নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ বিএনপির নেতাদের গ্রেপ্তার ও বাসা তল্লাশির নামে হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ১৩ নভেম্বরের মধ্যে শিমুল বিশ্বাসের মুক্তির দাবি জানিয়েছেন।