বিরোধীদলীয় সাংসদদের মধু দিতে চান বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ

বিরোধীদলীয় যেসব সাংসদ জাতীয় সংসদে অসংসদীয় ও অশালীন ভাষায় বক্তব্য দেন, তাঁদের মধু দিতে চান পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যখন ভূমিষ্ঠ হই, তখন আমাদের মুখে মধু দেওয়া হয়। মুখে মধু দেওয়ার কারণ হলো, আমরা যেন ভালো কথা বলি, মুখ খারাপ না করি। কিন্তু সংসদে সম্প্রতি কয়েকজন সংসদ সদস্য অশালীন বক্তব্য দেন, তবে সবাই দেন না। আমি পরিবেশ ও বনমন্ত্রী হিসেবে সুন্দরবন থেকে ওই সব সাংসদদের জন্য মধু এনে দিতে পারি।’ সংসদে যোগ দেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মান ও শ্রদ্ধা করি। কিন্তু যখন দেখি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে তিনি ঘটা করে জন্মদিন পালন করেন, তখন আমি তাঁকে শ্রদ্ধা করতে পারি না। যখন ফজলে নূর তাপসের দিকে তাকাই তখন তাঁকে (খালেদা জিয়া) শ্রদ্ধা করতে পারি না। চার বছরের শিশু তাপসের ১৫ আগস্টে মৃত মাকে ডাকার ওই স্মৃতি যখন মনে পড়ে, তখন আমি খালেদা জিয়াকে সম্মান ও শ্রদ্ধা করতে পারি না।’