বিরোধীদলীয় চিফ হুইপের কারখানায় ডাকাতি
গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় গত বৃহস্পতিবার বিরোধীদলীয় চিফ হুইপের বিজি কালেকশন নামের একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা কাপড়, টাকা, ল্যাপটপ, কম্পিউটারসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় কারখানার আট নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কারখানাটির চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আর ব্যবস্থাপনা পরিচালক তাঁর মেয়ে তামান্না ফারুক।কারখানার নিরাপত্তাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে প্রথমে ১০-১২ জন ডাকাত দেয়াল টপকিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরও অন্তত ২০-২২ জন ডাকাত কারখানায় প্রবেশ করে দায়িত্বরত নয়জন নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। প্রায় দুই ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে ডাকাতেরা পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার নিরাপত্তাকর্মী আলাউদ্দিন, নূরুল ইসলাম, আ. রশিদ, কামরুল ইসলাম, শাহজাহান মিয়া, জসিম উদ্দিন, কাসেম ও আজিজুল হককে আটক করা হয়েছে। পুলিশ কারখানার কাছ থেকে তিনটি বড় ছুরি উদ্ধার করেছে।কারখানার সহ-মহাব্যবস্থাপক মো. শাহ আলম জানান, ডাকাতেরা ১৪ টন কাপড়, টাকা, মূল্যবান সামগ্রীসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় কারখানার পরিচালক আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে উল্লেখ করেন তিনি।