বিরোধীদলীয় নেতা তাঁর কথা রাখেননি: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর কথা রাখেননি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, বিরোধীদলীয় নেতা বলেছিলেন আলোচনার উদ্যোগ নিলে তিনি হরতাল প্রত্যাহার করবেন। কিন্তু কেন তিনি কথা রাখেননি, জাতি জানতে চায়। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত হরতালবিরোধী প্রতিবাদ সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী অনন্য উদারতা দেখিয়েছেন। বিরোধীদলীয় নেতার উচিত ছিল এই প্রস্তাবে সাড়া দেওয়া। সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী একজন নির্বাচিত প্রধানমন্ত্রী অন্য নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তাই আজ থেকে বর্তমান সরকারকে কোনোভাবেই অবৈধ বলার সুযোগ নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন, তা মেনে নিলেও বাস্তবায়ন সম্ভব নয়। কারণ এর মধ্যে অনেকে মারা গেছেন। অনেকে অসুস্থ, আবার কেউ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। কেন খালেদা জিয়া তাঁর বাহিনী দিয়ে সারা দেশে নাশকতা চালাচ্ছেন, সেই প্রশ্ন রাখেন মন্ত্রী।