বিরোধীদলীয় নেতা দেশকে পেছনে নিয়ে যেতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চান। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য সময়সীমা ঠিক করেছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার গণভবনে বাংলাদেশ কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমাদের আগের মেয়াদে (১৯৯৬-২০০১) বিদ্যুৎ, সাক্ষরতা ও খাদ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে আমরা সফলতা অর্জন করেছি। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আমরা আবার সর্বক্ষেত্রে পেছনে চলে গেছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে সবাইকে দৃঢ়সংকল্পের সঙ্গে কাজ করে যেতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২১ সালে জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম এবং বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মির্জা জলিল।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দলীয় কর্মীসহ প্রত্যেককে অন্তত তিনটি করে—অর্থাৎ একটি ফলদ, একটি ভেষজ ও একটি বনজ বৃক্ষের চারা রোপণের আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষক লীগ ১৯৮৫ সাল থেকে প্রতিবছর এই কর্মসূচি পালন করে আসছে এবং তাঁর সরকার গত মেয়াদে সারা দেশে বিপুলসংখ্যক গাছের চারা রোপণ করেছে।শেখ হাসিনা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের বিগত সরকার সারা দেশে বিপুলসংখ্যক গাছ রোপণ করলেও বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে কেবল রাজনৈতিক প্রতিহিংসার বশে ওই সব গাছ কেটে ফেলে।’ বাসস ও ইউএনবি।