প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ওপর বিরোধীদলীয় নেত্রীর আস্থা ও বিশ্বাস নেই। তাই বাঁকা পথে তিনি ক্ষমতায় যেতে চান।গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষায় তৎপর। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, এটা সম্পন্ন হবে। ভবিষ্যতে যাতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের দল ক্ষমতায় আসতে না পারে, সে জন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গেলে নাকি বিরোধীদলীয় নেত্রী আর প্রতিহিংসার রাজনীতি করবেন না। এ কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে, তিনি প্রতিহিংসার রাজনীতি করতেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এক দিকে বলছেন প্রতিহিংসার রাজনীতি করবেন না, আবার বলছেন সরকারকে লুলা-ল্যাংড়া করে দেবেন—কোনটা সঠিক? জাতির সামনে সত্য কথা বলতে হবে।’শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী আগে তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে থাকলেও এখন হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার চাইছেন। তত্ত্বাবধায়ক সরকার এলে তাঁকে ক্ষমতায় বসিয়ে দেবে না। বিচারপতি সাত্তার সরকারের বিরুদ্ধে এরশাদের সঙ্গে তিনি হাত মিলিয়েছিলেন। কিন্তু এরশাদ একাই ক্ষমতায় যান। ভাবিকে সঙ্গে নেননি।’ প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের তিন বছরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, ১১টি উপনির্বাচন মিলে প্রায় পাঁচ হাজার ২০০ নির্বাচন হয়েছে। একটা নির্বাচনেও এতটুকু গোলমাল বা অভিযোগ ওঠেনি। প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করা হয়েছে।প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘যিনি নিজে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করেন, দুই ছেলেকে সৎ পথে চলার পরামর্শ না দিয়ে দুর্নীতির পথে ঠেলে দেন, তাঁর মুখে বড় কথা শোভা পায় না। আন্তর্জাতিক আদালতে বিরোধীদলীয় নেত্রীর দুই ছেলের দুর্নীতি, অর্থ পাচার ও ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এফবিআইয়ের কর্মকর্তা বাংলাদেশে এসে আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন।’শেখ হাসিনা বলেন, বিডিআর বিদ্রোহের সময় বিরোধীদলীয় নেত্রী আত্মগোপনে চলে গিয়েছিলেন। এর রহস্য উন্মোচন হওয়া উচিত। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ও তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। একমাত্র বিএনপি-জামায়াত ছাড়া সব রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষ বিডিআর বিদ্রোহের সময় ছুটে এসেছে, চেষ্টা করেছে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু বিএনপির নেত্রীর ভূমিকা ছিল রহস্যজনক। বিরোধীদলীয় নেত্রী ওই সময় কী আশায় লুকিয়ে ছিলেন, তা তদন্ত করে বের করা দরকার।সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মেজবাহউদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এম এ আজিজ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আশরাফুন্নেছা মোশাররফ প্রমুখ। আলোচনা সভার শুরুতেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল।