স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা হারিয়ে উন্মাদ হয়ে গেছেন। তিনি এখন যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার এই সরকারের আমলেই করা হবে।গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী আবু ইসাহাক উচ্চবিদ্যালয়ের মাঠে দ্বিতীয় করতোয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ চয়ন ইসলাম, সাংসদ শফিকুল ইসলাম প্রমুখ।দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী নানক শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলায় করতোয়া নদীর ওপর ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দ্বিতীয় করতোয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুরে মিল্ক ভিটার কারখানায় ২৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে একটি গো-খাদ্য প্রস্তুত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।