বিরোধীদলীয় নেত্রী লজ্জার মাথা খেয়ে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লুটের টাকা কমে যাচ্ছে বলে বিরোধীদলীয় নেত্রী দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছেন। লাজ-লজ্জার মাথা খেয়ে তিনি এখন প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন।গতকাল রোববার গণভবনে কুমিল্লা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ এগিয়ে চলছে। তাদের বিচার করে দেশকে অভিশাপমুক্ত করা হবে।প্রধানমন্ত্রী বলেন, গত বিএনপি আমলে ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। শত শত সাংবাদিক নির্যাতিত হয়েছেন। কোনো বিচার হয়নি। তাঁরা কেউ কোনো কথা বলতে পারেননি। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। সত্য হোক আর মিথ্যা হোক, তাঁরা লিখে যাচ্ছেন। এত স্বাধীনতা আগে কেউ গণমাধ্যমকে দেয়নি। এমনকি গত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও গণমাধ্যম এত স্বাধীনতা পায়নি।প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করছে। উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপনির্বাচনসহ প্রায় পাঁচ হাজার ২০০ স্থানে নির্বাচন হয়েছে। কোথাও এতটুকু অনিয়মের অভিযোগ কেউ তুলতে পারেনি। তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি তাদের প্রার্থীকে বহিষ্কার করেছিল। বিজয়ের পর আবার তাঁকে ফুলের মালা দিয়ে দলে নেওয়া হয়। বিরোধীদলীয় নেত্রী এখন আর ইভিএম নিয়ে কথা বলেন না।শেখ হাসিনা বলেন, বিডিআর বিদ্রোহের সময় মহাজোটের সবাই উদ্বেগ প্রকাশ করেছে। কীভাবে এই বিদ্রোহ দমন করা যায়, তার জন্য সবাই চেষ্টা করেছে। সবার প্রচেষ্টায় দক্ষতার সঙ্গে বিদ্রোহ দমন করা হয়। তা না হলে ঢাকা শহরে লাশের স্তূপ পড়ে যেত। তিনি অভিযোগ করেন, সকাল সাড়ে নয়টায় বিদ্রোহ শুরু হয়। এর দুই ঘণ্টা আগে বিরোধীদলীয় নেত্রী ক্যান্টনমেন্টের বাসভবন থেকে আত্মগোপনে চলে যান। এত বড় ঘটনা ঘটল, বিএনপি-জামায়াতের একটা লোকও পিলখানায় যায়নি।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ১০ শতাংশ দারিদ্র্য কমেছে। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নিজেরা কী পেলাম আর কী পেলাম না, সেটা বড় কথা নয়। কী দিতে পারলাম, সেটাই বড় কথা।মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।