বিরোধীদের আলটিমেটামকে তামাশা বললেন সাজেদা
বিরোধীদলীয় নেত্রী ও বিরোধী দলের সাংসদদের উদ্দেশে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেছেন, ‘রোজার পরে, ঈদের পরে আলটিমেটামের নামে তামাশা না করে সংসদে আসুন। আপনাদের কথা বলুন, আমরা সবাই মিলে জাতীয় স্বার্থে কাজ করি।’গতকাল বুধবার সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেটের ওপর আলোচনাকালে সাজেদা চৌধুরী এই কথা বলেন।যাঁরা আলটিমেটাম দিয়ে যাচ্ছেন, তাঁদের উদ্দেশে সাজেদা চৌধুরী বলেন, জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের জরিপে শেখ হাসিনার কর্মকাণ্ডে দেশের ৭৭ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। সফল রাষ্ট্রনায়ক হিসেবে এশিয়ার মধ্যে শেখ হাসিনার অবস্থান সেরা সাতে। গ্যালাপ কোনো ভুঁইফুড় প্রতিষ্ঠান নয়, এরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও জনমত জরিপ করে। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের ফলাফল সঠিক হয়।সাজেদা চৌধুরী তাঁর বক্তব্যে আরও বলেন, ‘প্রথম বাঙালি হিসেবে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি পদে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস জোটের নমিনেশন পেয়েছেন। একজন বাঙালি হিসেবে আমি গর্বিত। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবিস্মরণীয় ভূমিকার কথা আমরা সবাই জানি। আমি আশা করছি, প্রণব মুখার্জির রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও জোরদার হবে।’সাংসদ ফজলে হোসেন বাদশা মুঠোফোনের রিচার্জের ক্ষেত্রে করারোপ না করার আহ্বান জানান। একই সঙ্গে কালোটাকা ও ঋণখেলাপি-সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন অর্থমন্ত্রীকে।