বিরোধীদের কর্মসূচি নিয়ে সতর্ক সরকার
বিএনপির লংমার্চ কর্মসূচির প্রতি সতর্ক দৃষ্টি রাখছে সরকার ও আওয়ামী লীগ। এ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তা মোকাবিলার প্রস্তুতি আছে সরকারি দলের।
একইভাবে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায় সামনে রেখে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলায় সরকার আগাম সতর্কতামূলক অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ মঙ্গলবার থেকে বিরোধী দল বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু হচ্ছে। গত ১২ জানুয়ারি নতুন মেয়াদে আওয়ামী লীগের সরকার গঠনের পর বিএনপি এই প্রথম বড় কোনো কর্মসূচি পালন করতে যাচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের কথা বলা হলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারের মধ্যে প্রস্তুতি আছে।
আওয়ামী লীগের সভাপতি-মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াতের কর্মসূচি গণতান্ত্রিক হলে সরকারের আচরণ হবে এক রকম। আর সহিংসতাপূর্ণ হলে আচরণ হবে অন্য রকম।
সরকারি দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সামনে রেখে দলটি দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভসহ সহিংসতা চালাতে পারে বলে আশঙ্কা আছে সরকারের উচ্চপর্যায়ের। একই আশঙ্কার কথা জানিয়ে সরকারের বিভিন্ন সংস্থাও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। সাঈদীর রায়ের আগেই ইন্টারনেটে অনলাইনে জামায়াতের সমর্থকদের প্রচারণা চালানোর খবরও সরকারের কাছে আছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয় বৈঠক করেছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে জামায়াত-অধ্যুষিত এলাকাগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে। দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বিএনপি-জামায়াতের কর্মসূচি মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি আওয়ামী লীগের দলগত প্রস্তুতিও থাকবে বলে জানা গেছে। বিএনপির লংমার্চের পথ ধরে সংশ্লিষ্ট জেলা-উপজেলার আওয়ামী লীগের নেতাদের সতর্ক করা হয়েছে। লংমার্চ অতিক্রমের সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা একত্র হয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন, সে জন্য দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ জানুয়ারির আগে যেসব এলাকায় জামায়াত সহিংসতা চালিয়েছে, সেসব এলাকায় এবার দলীয় অবস্থান সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ আদালতে সাঈদীর রায় উপলক্ষে জামায়াতের নেতা-কর্মীরা যাতে সংগঠিত হতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় দলীয় তৎপরতা জোরদার করা হবে। এ ব্যাপারে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক বলেন, জামায়াত-বিএনপির কর্মসূচি নিয়ে সরকার সতর্ক, তবে উৎকণ্ঠিত নয়। সহিংসতার কোনো চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।