অ্যামনেস্টি ও এইচআরডব্লিউর বিবৃতি
বিরোধীদের দমন-পীড়ন বন্ধ ও গণমাধ্যমের বাধা তুলে নেওয়ার আহ্বান
বিরোধীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও তাদের নেতা-কর্মীদের ধরপাকড় বন্ধ করা এবং গণমাধ্যমের ওপর থেকে বাধানিষেধ তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আর আন্দোলনরত বিক্ষোভকারীদের নিহত হওয়ার ঘটনা তদন্ত করা ও বিরোধী নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে অপর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গত বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউর এক বিবৃতিতে গত কয়েক দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ধরপাকড়ের ঘটনা উল্লেখ করা হয়। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘নির্বিচারে শক্তি প্রয়োগ ও বাধানিষেধ আরোপের ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার ধারণ করবে। দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব কর্তৃপক্ষের। কিন্তু এটা এমনভাবে করতে হবে যাতে মানবাধিকার ও আইনের শাসন নির্বাসিত না হয়।’
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবরুদ্ধ অবস্থা, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের গ্রেপ্তার, বিক্ষোভের সময় গুলিতে কয়েকজন বিরোধী নেতা-কর্মীর নিহত হওয়া, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে কারাগারে পাঠানো এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা আরোপের বিষয় উল্লেখ করা হয়।
ব্রাড অ্যাডামস বলেন, ‘সাম্প্রতিক দমন-পীড়নের আগে থেকেই যে সরকার সমালোচনার মুখে আছে, তাদের জন্য বাকস্বাধীনতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর যে সরকার নিজেকে গণতান্ত্রিক দাবি করে, তাদের কাছ থেকে টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যানকে গ্রেপ্তার ও চ্যানেল বন্ধ করে দেওয়াটা গ্রহণযোগ্য নয়।’
আর আবদুস সালাম ও মির্জা ফখরুলের মুক্তি এবং চলতি সপ্তাহে সহিংসতায় বিক্ষোভকারীদের নিহত হওয়ার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এসব ঘটনাকে বিএনপির ওপর দৃশ্যত দমন-পীড়নের অংশ হিসেবে উল্লেখ করা হয় সংস্থাটির বিবৃতিতে।
বৃহস্পতিবার অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটির বাংলাদেশি গবেষক আব্বাস ফায়েজ বলেন, ‘নিহত হওয়ার ঘটনা দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।’
মতিয়া চৌধুরীর বক্তব্য: এইচ-আরডব্লিউ ও অ্যামনেস্টির প্রতিবেদনের বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, ‘এ ধরনের বক্তব্য তারা অহরহ দিয়ে যাচ্ছে। যারা খুন করে, তাদের পক্ষে কথা বলে। আর যে নিহত হয়, তার জন্য তাদের কোনো মানবাধিকারের বিষয় দাঁড়ায় না। এটা তাদের পুরোনো অভ্যাস।’