বিরোধীদের মোকাবিলায় ১৪ দলকে সক্রিয় করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ে ১৪ দল সম্মিলিতভাবে কর্মসূচি পালন করবে। শিগগিরই প্রতিটি দলের সাধারণ সম্পাদক জেলা পর্যায়ের কমিটিকে ১৪ দলকে সক্রিয় করার জন্য চিঠি দেবে।গতকাল রোববার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে জানান, প্রতি মাসের শেষ শনিবার ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বৈঠক করবেন। তবে সংসদ অধিবেশন বা অন্য কোনো কর্মসূচি থাকলে আগে-পরে বৈঠক হতে পারে।বৈঠকে সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এতে ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মহাজোট ক্ষমতায় আসার পর এ নিয়ে মোট চারবার ১৪ দলের বৈঠক হলো। এর আগে প্রায় নয় মাস আগে গত ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বৈঠক হয়।বৈঠক সূত্র জানায়, ১৪ দলের দুই শরিক দলের নেতা বৈঠকে অভিযোগ করেন, মন্ত্রীরা জেলায় সফরে গেলে সুধী-সমাবেশ করা হয়। এতে শরিক দলের নেতাদের ডাকা হয় না। এতে তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈঠকে সিদ্ধান্ত হয়, মন্ত্রী-সাংসদেরা সফরে গিয়ে কর্মসূচি পালন করলে ১৪ দলের নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।বৈঠকে সৈয়দ আশরাফ বলেন, ১৯৯০ সালে করা তিন জোটের রূপরেখা অনুযায়ী তিনবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার কথা বলা হয়েছিল। এ তথ্য ঠিক কি না, জানতে চেয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা বা ভাবনার সুযোগ রয়েছে।বৈঠকে মোহাম্মদ নাসিম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার না হলে কেউ পার পাবেন না।’ এ সময় ১৪ দলের সব শরিক বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার ওপর জোর দেয়।বৈঠক শেষে ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরে ১৪ দল ও মহাজোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সমাবেশের দিন-তারিখ ঠিক করা হবে।সৈয়দ আশরাফ বলেন, ১৪ দল মনে করে, বিএনপি জনগণের নয় ব্যক্তিস্বার্থে হরতাল ডেকেছে। বিরোধী দলের নেত্রী তাঁর সন্তানদের মামলার কার্যক্রম বন্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে এ হরতাল দিয়েছেন। ১৪ দলের পক্ষ থেকে এই অযৌক্তিক হরতাল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত হয়েছে।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৪ দল মনে করে, হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে বিরোধী দল শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়েছে। কেউ জানমালের ক্ষতি করতে চাইলে তাদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে বৈঠকে।সৈয়দ আশরাফ বলেন, সরকারি দল হরতাল ঠেকাতে মাঠে থাকবে না। হরতালের প্রতিবাদে শান্তি মিছিলের কথাও তিনি নাকচ করে দেন। দেশব্যাপী গণগ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এতে ১৪ দল জড়িত নয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করুন।’১৪ দলের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, সাহারা খাতুন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান প্রমুখ।