বিরোধীদের সভা-সমাবেশ বন্ধ করেছে সরকার, অভিযোগ শামসুজ্জামানের

বিরোধী দলের সভা-সমাবেশ ও মিছিল করা সরকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। তাঁর দাবি, দেশে ভয়াবহ রাজত্ব সৃষ্টি করা হয়েছে। হত্যা-গুম-অপহরণ নিত্যদিনের সঙ্গী। ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে আজ রোববার যৌথ সভা ছিল বিএনপির। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে শামসুজ্জামান এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, সরকার সংবিধানবিরোধী ও স্বৈরাচারী দৃষ্টিতে বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। অথচ সরকারের আশ্রিত ১৪ দল তাদের রাজনৈতিক কর্মসূচি ঠিকই পালন করছে। ‘দেশ যেন মগের মুলুকে পরিণত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ মে থেকে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তিন দিনের কাঙালিভোজ প্রভৃতি। এসব কর্মসূচির অনেকগুলোতে খালেদা জিয়া উপস্থিত থাকবেন।।