মানবতাবিরোধী অপরাধ এবং হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে বিরোধী জোট অপপ্রচার চালাচ্ছে বলে
অভিযোগ করেছে ঢাকা মহানগর ১৪ দল। এই অপপ্রচারের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হবে।
গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর ১৪ দলের সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, ১৮ মে মোহাম্মদপুর, ২৪ মে কামরাঙ্গীরচর এবং ২৫ মে সূত্রাপুরে মহানগর ১৪ দলের জনসভা হবে।
গতকালের সভায় বক্তারা বলেন, হেফাজতে ইসলাম ও জামায়াতকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া নির্বাচিত সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন। বক্তারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মহানগর ১৪ দলকে আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান।
সভায় জাসদের নেতা সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, খালেদা জিয়া একটি গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। এ ঘটনার পর বাংলাদেশে আর তাঁর কথা বলার কোনো অধিকার নেই। খালেদা জিয়ার উদ্দেশে বাদল বলেন, ‘জামায়াত আর হেফাজতকে সঙ্গে নিয়ে নর্তন-কুর্দন করলে ক্ষমতা পাওয়া যাবে না। সংসদে গিয়ে কথা বলতে হবে।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, দেশ ধ্বংস করে, কোরআন, মানুষ ও বাস পুড়িয়ে খালেদা জিয়া ক্ষমতায় যেতে চেয়েছেন। তাঁর প্রক্রিয়াটি যে সঠিক নয়, তা জাতি বুঝিয়ে দিয়েছে।
জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শিরীন আখতার বলেন, যারা মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সরকার পোশাকশিল্পকে বাঁচাতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে বিএনপি-জামায়াত নাশকতামূলক কর্মকাণ্ড দিয়ে সে প্রচেষ্টাকে ব্যাহত করে চলছে।
জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা মীর হোসেন আখতারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাসদের নাজমুল হক প্রধান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, মহানগর আওয়ামী লীগের আবদুল হক, সালাউদ্দিন বাদল প্রমুখ।