চুয়াডাঙ্গায় ছাত্রদলের থানা, পৌর এবং কলেজসহ সব পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত এক পত্রে সব ধরনের কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়ায় বিএনপি নেতারা হস্তক্ষেপ করায় এ কার্যক্রম স্থগিত হয়েছে বলে ছাত্রদল নেতারা অভিযোগ করেছেন।ছাত্রদলের নেতারা জানান, কেন্দ্রীয় কমিটি ১৫ ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করে। সাবেক সাধারণ সম্পাদক শরিফ উর জামানকে আহ্বায়ক এবং সহসভাপতি এম এ তালহা ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমানকে ওই কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা আহ্বায়ক ও তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে এর অধীন বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করতে বলা হয়। ছাত্রদল নেতারা আরও জানান, ১৭ ফেব্রুয়ারি কমিটির পরিচিতি সভায় ৬১ সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রে তা অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু বিএনপির স্থানীয় নেতারা হস্তক্ষেপ করায় ছাত্রনেতারা শেষ পর্যন্ত তা করতে পারেননি। নির্ধারিত সময়ের তিন মাস পরে জেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অংশের অনুসারীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। অনেকটা গোপনে শরিফ উর জামান ও এম এ তালহাকে দিয়ে স্বাক্ষর করিয়ে ওই কমিটির ৯১ সদস্যের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। ২৮ মে কেন্দ্রীয় সংসদ তা অনুমোদন করে জেলায় পাঠায়। তবে অনুমোদিত এ তালিকায় ১২১ জনের নাম দেখে স্থানীয় নেতারা বিস্মিত হন। কেন্দ্র থেকে অতিরিক্ত ৩০ জনের নাম সংযোজনের বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট হয়ে পড়ে। কেন্দ্র থেকে চুয়াডাঙ্গার সব থানা, কলেজ ও পৌর কমিটি পুনর্গঠন করে ৩০ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় সংসদে পাঠাতে ৫ অক্টোবর আবারও নির্দেশ দেওয়া হয়। ২৫ অক্টোবর থেকে এসব কমিটির ফরম বিতরণ শুরু হয়। কিন্তু এবার বিএনপির একাংশের নেতারা ছাত্রনেতাদের হাতে তাঁদের পছন্দের তালিকা ধরিয়ে দেন। এতে কমিটি গঠনপ্রক্রিয়া আবারও আটকে যায়। এরপরেও জেলা আহ্বায়ক কমিটি বৈঠক করে ২৬ ডিসেম্বর জীবননগর, ২৮ ডিসেম্বর দামুড়হুদা উপজেলায় কমিটি গঠনের দিন চূড়ান্ত করে। এর আগেই কেন্দ্রীয় কমিটি নির্দেশ দেওয়ায় কমিটি গঠনপ্রক্রিয়া বন্ধ হয়ে যায়।ছাত্রদল নেতা ফিরোজ সরোয়ার রোমান অভিযোগ করেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ও তাঁর অনুসারীরা ছাত্রদলের কমিটি গঠনে বারবার হস্তক্ষেপ করছেন। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ‘চুয়াডাঙ্গায় ছাত্রদলের কমিটি গঠনে কোনো হস্তক্ষেপ করা হয়নি। চুয়াডাঙ্গার ছাত্রনেতারা মূল দলের সঙ্গে যোগাযোগ না রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের গোচরে এসেছে। তাই তাঁরা (কেন্দ্রীয় সংসদের নেতারা) এ ব্যবস্থা নিয়েছে।’