বিরোধে কাটা পড়ল চার একর জমির ধানের চারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় এক কৃষকের প্রায় চার একর জমির ধানের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার বড় লবণগোলা গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আইয়ুব আলীর অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।এ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে ১০ জনকে আসামি করে গত শুক্রবার বিকেলে বরগুনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে গতকাল শনিবার বিকেল পর্যন্ত সেটি মামলা হিসেবে নেওয়া হয়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে গতকাল বিকেলে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।জানা গেছে, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের হাবিবুর রহমান ও আইয়ুব আলী— এ দুই ভাইয়ের সঙ্গে একই এলাকার জাকির হোসেনসহ অন্যদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ ওই জমিতে গত জ্যৈষ্ঠ মাসের শুরুতে ব্রি-ধান চাষ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে প্রায় চার একর জমির ধানের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা।কৃষক আইয়ুব আলী কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘মোরা গরিব মানুষ। অরা আমার এই রহম অনিষ্ট করল!’ তিনি জানান, ওই জমির ওপরই তাঁর পরিবারের ভরণপোষণ নির্ভর করে। তিনি ও তাঁর কলেজপড়ুয়া একমাত্র ছেলে জমিতে ধান রোপণ করেছিলেন। জাকির ও তাঁর সঙ্গীরা গত বছরও ওই জমিতে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলেছিলেন বলে অভিযোগ করেন আইয়ুব আলী।ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে জাকির হোসেন বলেন, ‘আমরা ওই জমি নিয়ে এক বছর আগে আদালতে মামলা করেছি। ওরা সেই মামলা ভিন্ন খাতে নেওয়ার জন্য এ ধরনের ঘটনা সাজিয়ে আমাদের হয়রানি করতে চাইছে।’