খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠন জেএসএস (এমএন লারমা) ও ইউপিডিএফ বিরোধে জড়িয়ে পড়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়ে দুই সংগঠনের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
২০১০ সালের ১০ এপ্রিল জেএসএস (এমএন লারমা) গঠিত হওয়ার পর থেকে ইউপিডিএফের সঙ্গে কোনো দ্বন্দ্ব-সংঘাত হয়নি। কিন্তু এবারের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
জেএসএসের (এমএন লারমা) অভিযোগ, প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচন না করার জন্য তাদের সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোপাদেবী চাকমাকে ইউপিডিএফ হুমকি ও চাপ দিচ্ছে। অন্যদিকে ইউপিডিএফের অভিযোগ, গোপাদেবী নির্বাচন করতে চাচ্ছেন না। জেএসএস (এমএন লারমা) জোর করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে নির্বাচন করাচ্ছে।
তবে গোপাদেবী চাকমা প্রথম আলোকে বলেন, তিনি প্রার্থিতা প্রত্যাহারে আগ্রহী নন। তিনি নির্বাচন করবেন। একটি সংগঠন তাঁকে নির্বাচন না করার জন্য হুমকি ও চাপ দিচ্ছে।
বুধবার সকালে গোপাদেবী চাকমাকে নিয়ে উপজেলার লারমা স্কোয়ারে হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষের বিরোধের কারণে আদিবাসী ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জেএসএসের (এমএন লারমা) খাগড়াছড়ি জেলা সভাপতি প্রীতিময় চাকমা বলেন, ‘আমরা আমাদের সংগঠন থেকে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সমর্থন দিয়েছি।’ তিনি বলেন, ‘বুধবার আমাদের সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোপাদেবী চাকমাকে ইউপিডিএফ হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় আমাদের সংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন।’
ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘গোপাদেবী নির্বাচন করতে আগ্রহী নন। তিনি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য আমার সহযোগিতা চেয়েছেন। কিন্তু লারমা স্কোয়ারে পৌঁছার পর জেএসএসের (এমএন লারমা) লোকজন তাঁকে তাঁদের সমর্থিত প্রার্থী দাবি করে ছিনিয়ে নেন।’ তিনি বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে কাউকে চাপ দেওয়া হয়নি।’