বিরোধের আগুনে ঘি!
বিরোধের শুরু ১৯৯৬ সাল থেকে। তারপর ভৈরব উপজেলা বিএনপি বিরোধবিহীন একটি দিনও পার করতে পারেনি। পৌর নির্বাচন উপলক্ষে সেই বিরোধের আগুনে যেন ঘি ঢালা হয়েছে। বিশেষ করে দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিরোধ মুখ-দেখাদেখি বন্ধের পর্যায়ে আছে।গত বৃহস্পতিবার দুপুরে পৌর বিএনপি দলীয় ব্যানারে সংবাদ সম্মেলন করে এই ইস্যুতে মুখ-দেখাদেখি বন্ধের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় পৌর নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা হান্নান শাহের ঘোষিত প্রার্থীকে চ্যালেঞ্জ করে তারা পাল্টা প্রার্থীর নাম ঘোষণা করে।দলীয় নেতা-কর্মীরা জানান, দলীয় মনোনয়নের প্রত্যাশা নিয়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীন প্রায় দুই বছর মাঠে আছেন। কিন্তু তফসিল ঘোষণার পর উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগে নামেন। তখন থেকেই নতুন করে বিপত্তির শুরু। উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতরা দলীয় প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পর হাত বাড়ান কেন্দ্রীয় নেতৃত্বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ দলীয় প্রার্থী হিসেবে রফিকুল ইসলামকে মনোনয়নের কথা জানিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমানের কাছে চিঠি পাঠান।এক দিনের ব্যবধানে হান্নান শাহের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার ভৈরব বাসস্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘পৌরবাসী মো. শাহীনকেই বিএনপির প্রার্থী হিসেবে চেনেন। আমরা মনে করি, মেয়র পদটি ছিনিয়ে আনতে শাহীনের বিকল্প নেই। আমরা হান্নান শাহের সিদ্ধান্ত মানি না।’শাহীন বলেন, ‘সবকিছু গুছিয়ে আনার পর কারও ইঙ্গিতে নির্বাচন থেকে সরে গেলে ভোটারদের সঙ্গে প্রতারণা করা হবে। বিএনপির একাংশের সমর্থন নিয়েই নির্বাচন করব।’দলীয় মনোনয়ন পাওয়া রফিকুল ইসলাম বলেন, ‘দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্তে আমি দলীয় প্রার্থী হয়েছি।’