বিরোধের জের ধরে বৃদ্ধকে জবাই গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় দুপচাঁচিয়ায় মসজিদ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তোজাম্মল হোসেন মণ্ডল (৬৫) নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোজাম্মল হোসেন উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে রুহুল আমিন ওই রাতেই ২৫ জনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ গতকাল রোববার ভোররাতে ওই মামলার আসামি আবদুস সাত্তারকে (৫০) গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শ্রীপুর-শিয়ালা জামে মসজিদের কমিটি নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গ্রামের একটি পক্ষ ২৭ জুলাই নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। নতুন মসজিদের পক্ষের লোকজন ১ আগস্ট পুরোনো মসজিদটি ভাঙচুর করে। এ ঘটনায় পুরোনো মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রিয়াজউদ্দিন বগুড়ার দুপচাঁচিয়া অঞ্চলের বিচারিক হাকিমের আদালতে ১৩ জনকে আসামি করে মামলা করেন। গত ২৩ সেপ্টেম্বর আগাম জামিন নিতে গেলে আদালতের বিচারক আসামিদের জেলহাজতে পাঠান। ওই মামলার সাক্ষী ছিলেন তোজাম্মল হোসেন। আসামিদের জেলহাজতে পাঠানোর ঘটনায় বিবাদী পক্ষের লোকজন বাদী পক্ষের লোকজনকে হুমকি দিতে থাকে। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত শনিবার রাতে তোজাম্মল হোসেন শিয়ালা গ্রামের আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে জবাই করে হত্যা করে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে।