বিরোধের জের ধরে হাওরে কৃষক খুন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় আকবর আলী (৫০) নামের এক কৃষক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে পূর্ববিরোধের জের ধরে হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সকালে স্থানীয় জুগিবিলে দলবল নিয়ে মাছ ধরতে যান মোগলাবাজারের ধোপকান্দি চানপুরের বাসিন্দা আকবর আলী ও তাঁর আত্মীয়রা। এ সময় একই গ্রামের ১৫-২০ জনের একটি দল আকবর আলীার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আকবর আলীর বুকে সুলপি দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তাঁর সঙ্গের লোকজন এগিয়ে এলে তাঁরাও হামলার শিকার হন। এলাকাবাসী আহত অবস্থায় ধোপকান্দি চানপুর গ্রামের আনোয়ার মিয়া (৫৫), বাহার মিয়া (২৫), মামুন মিয়া (২০), হিরা মিয়া (৫০) ও খরাদি গ্রামের মানিক মিয়াকে (৪৫) পুলিশের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।