বিরোধের জেরে উপড়ে পড়ল দুই যুগের বটগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে জমি নিয়ে বিরোধের জের ধরে মাটি না ফেলায় উপড়ে পড়েছে দুই যুগ ধরে দাঁড়িয়ে থাকা বটগাছ। এক সপ্তাহ আগে গাছটি পড়ে যায়।
দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সংগঠন গাছটির নিচে বিভিন্ন সভা, বাউল উৎসব, পয়লা বৈশাখসহ নানা অনুষ্ঠানের আয়োজন করত। গাছটি পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন তাই হতাশ হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এক পাশে এলাকার আওয়াল মণ্ডল নামের এক ব্যক্তি বটগাছের একটি চারা রোপণ করেন। প্রায় এক যুগে গাছটি অনেক বড় হয়ে ওঠে। এরপর থেকে এক যুগ ধরে গাছটির নিচে বিভিন্ন সভা, পয়লা বৈশাখ, বাউল উৎসবসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো। চলতি বছর বৃষ্টিতে গাছটির গোড়ার মাটি সরতে শুরু করে। গাছটি রক্ষায় স্থানীয় লোকজন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। কিন্তু ওই জমি নিয়ে প্রায় এক যুগ ধরে স্থানীয় মনি খাঁ ও মালেক সাধুর বিরোধের কারণে সেখানে মাটি ফেলা যায়নি। এক সপ্তাহ আগে বৃষ্টিতে গাছটি উপড়ে পড়ে।
ফকির নজিরউদ্দিন শাহ ওরফে নজির বাউল বলেন, ‘দেড় শতাধিক বাউল প্রতিবছর শীতের সময় দুই রাতব্যাপী এর নিচে বাউল উৎসবের আয়োজন করে থাকেন। দীর্ঘদিন থেকে ভারী বৃষ্টিতে গাছটির নিচ থেকে মাটি সরতে থাকলে আমরা এলাকাবাসীর সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মাটি ফেলার উদ্যোগ নিই। কিন্তু জমি নিয়ে বিরোধের কারণে মাটি ফেলতে পারিনি।’
ইউপি সদস্য এজাজ আহম্মেদ বলেন, ইউপি চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে মাটি ফেলার চিন্তা করলেও জমির মালিক দাবিদার দুই ব্যক্তির বাধায় মাটি ফেলা সম্ভব হয়নি।
জমির একাংশের মালিক দাবিদার মালেক সাধু বলেন, ‘ওই জমির আগের মালিকদের কাছ থেকে এক অংশ মনি খাঁ ও অন্য অংশ আমরা কিনে নিই। মাটি ফেলার ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না। মনি খাঁর আপত্তির কারণে মাটি ফেলা হয়নি বলেই জানি।’ মনি খাঁর দাবি, তাঁর কেনা ২৪ শতক জমির মধ্যে বটগাছটি পড়েছে। তিনি বলেন, জমির মালিকানা নির্ধারিত না হওয়া পর্যন্ত তিনি সেখানে কোনো কাজ করার জন্য ইউএনওর কাছে লিখিতভাবে জানিয়েছিলেন।
উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ বিষয়ে অনুরোধ করা হয়েছিল। কিন্তু মনি খাঁ জানিয়েছিলেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। তিনি আদালতের নিষেধাজ্ঞার কথা বলায় কেউ মাটি ফেলতে সাহস পায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ সরেজমিন ঘুরে এসে বলেন, জায়গার মালিকদের কারণে মাটি ফেলা সম্ভব হয়নি। তবে সড়কটি রক্ষায় মাটি ফেলার ব্যবস্থা করা হবে।