চিকিৎসকদের দুই পক্ষের বিরোধের জেরে রংপুর মেডিকেল কলেজের শিক্ষকদের ওপর বহিরাগত সন্ত্রাসী হামলা বেড়েই চলেছে। গত চার মাসে হামলায় আহত হয়েছেন ১০ জন চিকিৎসক। সর্বশেষ ২১ আগস্ট শনিবার ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক আবু মো. জাকিরুল ইসলামের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের ওপর এই হামলার কারণ অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন নিয়ে রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রংপুর শাখার সভাপতি মির্জা নজরুল ইসলামের পক্ষের সঙ্গে স্বাচিপের রাজশাহী বিভাগীয় পক্ষের সভাপতি দেলোয়ার হোসেনের পক্ষের লোকজনের মধ্যে এপ্রিল মাস থেকে বিরোধ চলছে। এর জের ধরে কলেজ ও হাসপাতাল এলাকায় শিক্ষকদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। পরে একটি পক্ষের হয়ে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষকদের ওপর হামলা চালাতে শুরু করে। এসব ঘটনায় গত চার মাসে জাকিরুল ইসলাম, ইমরান হোসেন, মিন্টু কান্তি দাস, বিজন কুমার বণিক, অভিজিৎসহ ১০ জন আহত হন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মে মাসে বিএমএর রংপুর শাখার নির্বাচন হওয়ায় কথা ছিল। কিন্তু অন্য পক্ষের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়ম করার অভিযোগ তুলে মির্জা নজরুল ইসলামের পক্ষ এ নির্বাচনে অংশ নেয়নি। এতে এককভাবে দেলোয়ার হোসেনের পক্ষ কমিটি গঠন করে। কিন্তু এ নির্বাচনের বৈধতা নিয়ে অন্য পক্ষ আদালতে মামলা করলে আদালত বিএমএর ওই কমিটি স্থগিত করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএমএর কেন্দ্রীয় কমিটির রংপুরের সাতজন সদস্য গোলাম মওলাকে আহ্বায়ক করে বিএমএ রংপুর শাখার কমিটি গঠন করে।স্বাচিপ রংপুর শাখার সভাপতি মির্জা নজরুল ইসলাম অভিযোগ করেন, দেলোয়ার হোসেনের পক্ষ বহিরাগত সন্ত্রাসী দিয়ে তাঁদের পক্ষের শিক্ষকদের ওপর হামলা চালাচ্ছেন। স্বাচিপের রাজশাহী বিভাগীয় শাখার সভাপতি দেলোয়ার হোসেন হামলার ঘটনায় তাঁদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, রংপুর মেডিকেল কলেজে হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।