বিরোধের বলি ৪১৯ পেঁপেগাছ
জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল ৪১৯টি ফলন্ত পেঁপে গাছের। গত শনিবার ঘটনাটি ঘটে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা গেছে, ওই গ্রামের নিরোধ বিশ্বাস পৈতৃক সূত্রে পাওয়া ৪১ শতাংশ জমিতে ৪১৯টি পেঁপেগাছ লাগিয়েছিলেন। কিন্তু জমিটির মালিকানা দাবি করেন এস এম রেজাউল ইসলাম ওরফে বাবলু সিকদার। গত শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে জমিতে লাগানো ফলন্ত গাছগুলো কেটে ফেলা হয়। পরে সেগুলো ভ্যান ও অটোবাইকে সরিয়ে নেওয়া হয়।নিরোধ বিশ্বাস বলেন, ‘আমি ওই জমি পৈতৃক সূত্রে ভোগদখল করে আসছি। প্রায় এক বছর আগে জমিতে ৪২৬টি হাইব্রিড পেঁপেগাছ লাগাই। এর মধ্যে ৪১৯টি গাছ বেঁচে ছিল। লাগানোর তিন মাসের মধ্যেই পেঁপে বিক্রি করা শুরু করি। প্রতিদিন চার থেকে পাঁচ মণ করে পেঁপে বাজারে বিক্রি করতাম। প্রতি মণ পেঁপে কমপক্ষে ৪০০ টাকা দরে বিক্রি হতো।’ তিনি জানান, এ ব্যাপারে তিনি ফরিদপুর কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন। নিরোধ বিশ্বাস আরও অভিযোগ করেন, রেজাউল ছয় মাস ধরে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁর ফলন্ত গাছ কেটে ফেলেছেন।অভিযুক্ত এস এম রেজাউল ইসলাম দাবি করেন, তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক। জমিটির প্রকৃত মালিক মনোজিত্ অধিকারী। তিনি মারা গেছেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তিনি মনোজিতের স্ত্রী কানন বালা অধিকারী ও দুই ছেলে দীপক ও দিলীপ অধিকারীর কাছ থেকে জমিটি কেনেন। তিনি বলেন, ‘আমি জমি কেনার আগেই নিরোধ ওখানে পেঁপে গাছ লাগায়।’গাছ কেটে অপসারণের কথা স্বীকার করে রেজাউল বলেন, ‘নিরোধ যতগুলো গাছ কাটা হয়েছে বলে দাবি করছে, ততগুলো গাছ সেখানে ছিল না। মাত্র ২৫-৩০টি গাছ সেখানে ছিল, যা আমি কেটে সরিয়ে ফেলেছি।’ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি চাঁদাবাজি করি—এ কথা এ এলাকার কেউ বিশ্বাস করবে না।’অম্বিকাপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াসিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক মোতালেব হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি কাউকে গাছ কাটতে দেখেননি। তবে কোদাল দিয়ে জমির মাটি সমান করতে দেখেছেন।