বিল আটকে দিয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাট মন্ত্রণালয় রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া জাতীয় সংসদে পাট বিল উত্থাপন করায় তা আটকে দিয়েছে ওই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সূত্র বলেছে, রাষ্ট্রপতির অনুমতিপত্র সংগ্রহের জন্য কমিটি থেকে একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা নেয়নি। এ কারণে আট মাস ধরে বিলটি সংসদীয় কমিটিতে পড়ে আছে।

এ নিয়ে গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। কমিটি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিল উত্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং তাগিদ দেওয়ার পরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সুপারিশ করেছে।

পাট বিল ২০১৬, গত বছরের ৩ মে সংসদে উত্থাপন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। উত্থাপনের পর বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

সংবিধানের ৮২ অনুচ্ছেদে বলা আছে, সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত আছে, এমন কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সংসদে উত্থাপন করা যাবে না। সংসদের কার্যপ্রণালিবিধির ৭৩ ধারায় বলা আছে, কোনো বিলের জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন আছে—সংসদের এ জাতীয় প্রশ্ন উত্থাপিত হলে তা স্পিকার নিষ্পত্তি করবেন।

পাট বিলটিতে সরকারের আর্থিক ব্যয়ের বিষয়টি জড়িত রয়েছে। এ কারণে সংসদের আইন শাখা থেকে বিলটি পাসের জন্য উত্থাপনের আগে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়ার প্রয়োজন আছে বলে মত দেওয়া হয়েছে।

সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গাফিলতির কারণে বিলটির বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া যায়নি। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানায়। কিন্তু এখন পর্যন্ত কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি। রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া বিলটি সংসদে উত্থাপন করা সম্ভব নয়।

জানতে চাইলে সংসদীয় কমিটির সদস্য এনামুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের কাজে কমিটি হতাশ। তাদের একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ছাড়া কমিটি বিল পাসের সুপারিশ করবে না। কিন্তু তারা এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি।  মির্জা আজমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম ও এনামুর রহমান অংশ নেন।