বিল আদায় করতে গিয়ে হামলায় পল্লী বিদ্যুতের কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলায় পল্লী বিদ্যুতের কর্মী জহরুল ইসলাম (৪০) আহত হয়েছেন। গত রোববার উপজেলার কালীচওড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জহরুলকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রোববার রাতে সাতজনকে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা করেছেন লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন লালমনিরহাট জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারীর কমলাবাড়ীর হাজীগঞ্জ পল্লী বিদ্যুতের সাব-স্টেশন (ইনচার্জ) লাইন টেকনিশিয়ান জহরুল ইসলামসহ কয়েক জন কর্মী রোববার বিকেলে বিদ্যুতের বকেয়া বিল আদায়ে বের হন। একপর্যায়ে তাঁরা পল্লী বিদ্যুতের গ্রাহক কালীচওড়া গ্রামের ইলিয়াস হোসেনের বাড়িতে যান। বকেয়া পরিশোধ না করায় বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে ইলিয়াস হোসেনের সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেন তাঁরা। এ সময় ইলিয়াস হোসেন, তাঁর ভাই আতিক এবং তাঁদের সহযোগী মোবারক, মোফাজ্জলসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জহরুলের ওপর হামলা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সন্ধ্যায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পল্লী বিদ্যুতের কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘ইলিয়াস হোসেন ও তাঁর সহযোগীরা জহরুলকে মারপিট করে তাঁর কাছে থাকা বকেয়া বিদ্যুৎ বিল হিসেবে আদায় করা ১ লাখ ৯৫ হাজার ৬৭০ টাকা কেড়ে নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আমি বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেছি।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।