সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, বিচারকদের অপসারণের পদ্ধতিসংক্রান্ত আইন চূড়ান্ত না করে তড়িঘড়ি করে সংবিধান সংশোধন বিল জাতীয় সংসদে আনা ঠিক হয়নি। দুটি বিল একসঙ্গে আনা হলে আলোচনার মাধ্যমে তা পাস করা যেত।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি সংলাপ অনুষ্ঠানে ড. কামাল এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘৪২ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সংবিধান সংশোধনের জন্য সময় নেওয়া দরকার ছিল। কারণ, অতীতে কোনো সরকারই সঠিক সংসদীয় আচরণ করেনি। সবাই দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। সংসদ আদালত অবমাননা আইন করেছিল। সুপ্রিম কোর্ট সেটা বাতিল করেছেন। সে জন্যই সংসদ এখন সুপারসনিক গতিতে বিল এনে বিচারকদের অপসারণের ক্ষমতা নিজেদের কাছে নিচ্ছে।’
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল বলেন, সরকার বলছে, তিন মাসের মধ্যে বিচারকদের অপসারণের পদ্ধতি নির্ধারণ করে আইন হবে। তাহলে সংবিধান সংশোধন তিন মাস পরে হলে কী সমস্যা ছিল। এখন আইনে কী থাকবে, কী থাকবে না, সে বিষয়ে দেশের মানুষ এবং বিচার বিভাগসংশ্লিষ্টরা কিছুই জানেন না। বিল এখনো পাস হয়নি। সুতরাং আইন নিয়ে এখনো আলোচনা করা সম্ভব।
ড. কামাল প্রশ্ন রেখে বলেন, ‘জাতীয় সংসদ কীভাবে বিচারকদের অপসারণের সময় নিরপেক্ষভাবে কাজ করবে? আমাদের সংসদের কাজ হয় দলীয়ভাবে। পার্টি অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ সদস্যরা করতে পারেন না।’
আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সাংসদ আবদুল মতিন খসরু বলেন, অসদাচরণ ও অসামর্থ্যতার প্রমাণ না মিললে এবং সংসদে দুই-তৃতীয়াংশ সদস্যের মত না মিললে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। তিনি বলেন, ড. কামাল হোসেন বাহাত্তরের সংবিধানের যে ৯৬ অনুচ্ছেদ করেছিলেন, সেটাই ফিরিয়ে আনা হচ্ছে। যা করার তা তদন্ত কমিটি করবে। এখানে সংসদ শুধু ভোট দেবে। বাংলাদেশে খুব কম দলেরই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকে। সুতরাং এই সংশোধনীর মাধ্যমে বিচারকদের সুরক্ষা আরও বাড়বে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখন বিচারকদের কতটুকু স্বাধীনতা আছে, সেটা আমার জানা নেই। যেটুকু আছে, সেটা এই সংশোধনীর মাধ্যমে হরণ করা হচ্ছে। যেখানে বিচারক নিয়োগের আইন নেই, সেখানে বিচারকদের অপসারণের আইন কেন সংশোধন হচ্ছে?’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হুসেন বলেন, বিচারকদের বিচারে জনগণ জাগেনি। জেগেছে সংসদ। এই বিল পাস হলে বিচার বিভাগের স্বাধীনতা হুমকিতে পড়বে। কারণ, সংসদে গণতন্ত্র নেই, দলগুলোতেও গণতন্ত্র নেই।
একজন দর্শক তাঁর প্রশ্নে ৫ জানুয়ারি নির্বাচনকে ‘ভোটারবিহীন নির্বাচন’ বলায় রেগে যান আবদুল মতিন খসরু। তিনি ওই দর্শকের উদ্দেশে বলেন, ‘পাঁচ বছর পর নির্বাচন হয়। নির্বাচন না হলে অন্য কোনো অগণতান্ত্রিক সরকার চলে আসত। বিএনপি নির্বাচন বয়কট করল কেন? আমরা তাদের নির্বাচনে আসতে বাধা দিয়েছি? এই নির্বাচনকে হাইকোর্ট ভ্যালিড বলেছেন। বিএনপির ভাষায় কথা বলবেন না।’
বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা বিভাগ পরিচালিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন আকবর হোসেন।