বিল ইজারার সুপারিশে সাংসদের স্বাক্ষর জাল!
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জলমহাল (বিল) ইজারা পেতে একটি মৎস্যজীবী সমবায় সমিতির করা আবেদনপত্রের সুপারিশে স্থানীয় সাংসদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাংসদ সম্প্রতি ভূমিমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তবে সমিতির লোকজন অভিযোগটি অস্বীকার করেছেন। সাংসদ মো. শাহাব উদ্দিন ভূমিমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমি ওই সমিতির কোনো আবেদনপত্রে সুপারিশ বা স্বাক্ষর করিনি।’ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার হাকালুকি হাওরের ভেতরে চাতলা হাওর মৌজায় ‘ভিতরগাভি’ নামের একটি জলমহাল আছে। এর পরিমাণ ৬০ দশমিক ৭৫ একর। জলমহালটি উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলা ১৪১৯ থেকে ১৪২৪ সন পর্যন্ত ছয় বছরের জন্য ইজারা পেতে আবেদন করা হয়। সদর জায়ফরনগর ইউনিয়নের কণ্ঠিনালা আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের (নিবন্ধন নম্বর ১৩১৯/১/২০১১) সভাপতি সাইফুল ইসলাম গত ৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর এই আবেদন করেন। এতে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনের সুপারিশ করা আছে। আবেদনপত্রের ওপরে হাতে লেখা সুপারিশের নিচে সাংসদের স্বাক্ষর ও সিলমোহরও আছে। সূত্র জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এ ব্যাপারে মতামত চেয়ে প্রতিবেদন পাঠাতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে (রাজস্ব) একটি চিঠি দেন। পরে জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) ২১ মার্চ অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে মাঠপর্যায়ের প্রতিবেদন পাঠান। সাংসদ মো. শাহাব উদ্দিন তাঁর প্যাডে ১৪ এপ্রিল ভূমিমন্ত্রী বরাবর একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, কণ্ঠিনালা আদর্শ সমবায় সমিতি লিমিটেডের আবেদনপত্রে তিনি কোনো স্বাক্ষর করেননি। এ ব্যাপারে তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মন্ত্রীকে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কণ্ঠিনালা আদর্শ সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানায়, কণ্ঠিনালা সমিতির লোকজন বেশির ভাগই দরিদ্র। স্থানীয় কিছু প্রভাবশালী লোক মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে জলমহালটি ইজারা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে সমিতিকে ব্যবহার করা হচ্ছে মাত্র। কারণ, জলমহাল ইজারার নীতিমালায় মৎস্যজীবী সমিতি ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না বলে উল্লেখ আছে। নাম প্রকাশ না করার শর্তে জলমহাল ইজারা নেওয়ার চেষ্টায় জড়িত একাধিক ব্যক্তি দাবি করেন, স্বাক্ষর জাল করা হয়নি। তাঁদের ভাষ্যমতে, সাংসদ নিজেই সুপারিশ করে স্বাক্ষর দিয়েছেন।