বিল কপালিয়ার জোয়ারাধার চালু নিয়ে উত্তেজনা একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহের বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) প্রকল্প চালু করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জোয়ারাধার প্রকল্পের পক্ষের লোকজন ভবদহের জলাবদ্ধতা দূর করতে গত রোববার বাঁধ কেটে শ্রী নদীর সঙ্গে বিল কপালিয়ার সংযোগ করে দিয়েছেন। এর কিছুক্ষণ পর জোয়ারাধার প্রকল্পের বিপক্ষের লোকজন ওই বাঁধ আবার বেঁধে দেন। এ ঘটনায় বিরোধীপক্ষের একজন গতকাল সোমবার গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম আবদুল হালিম (৪২)। তাঁর বাড়ি মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারাধার প্রকল্পের পক্ষের লোকজন রোববার রাতে খননযন্ত্র দিয়ে প্রায় ২০০ গজ বাঁধ কেটে শ্রী নদী দিয়ে আসা পলি বিল কপালিয়ায় ঢুকিয়ে দেন। রোববার রাত ১২টার দিকে বাঁধ কাটার কাজ শুরু হয়। এ কাজ শেষ হয় ভোররাত তিনটার দিকে। এর কিছুক্ষণ পর জোয়ারাধার প্রকল্পের বিপক্ষের পাঁচ গ্রামের লোকজন ঘটনাস্থলে বাঁধ বাঁধার কাজ শুরু করেন। গতকাল ছয়টার দিকে বাঁধটি বাঁধার কাজ শেষ হয়। এরপর তাঁরা মনিরামপুর উপজেলার বিল কপালিয়া জলকপাটের (স্লুইসগেট) পাশে সমাবেশ করেন। জোয়ারাধার প্রকল্পের বিপক্ষের নেতা নেহালপুর গ্রামের মোবারক আলী বিশ্বাস অভিযোগ করেন, জনগণের প্রতিরোধের মুখে বাঁধ কাটতে আসা লোকজন পালিয়ে গেছেন। যাওয়ার সময় তাঁরা (জোয়ারাধারের পক্ষের লোকজন) ছয়টি গুলি বর্ষণ করেন। এ সময় হালিম গুলিবিদ্ধ হন। ভবদহ পানি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি ‘ই জোন’-এর সভাপতি ও জোয়ারাধার প্রকল্পের পক্ষের নেতা বিষ্ণু দত্ত দাবি করেন, তাঁরা গুলি করেননি। জোয়ারাধারবিরোধীরা এ ঘটনা সাজিয়ে তাঁদের ওপর দোষ চাপাচ্ছেন।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, ‘এক পক্ষ কেটে দিয়ে চলে যাওয়ার পর অপর পক্ষ এসে বাঁধ বেঁধে দিয়েছে। এখানে গুলিবর্ষণ বা সংঘর্ষের কোনো ঘটনাই ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’ অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামের অমল রায় বলেন, ‘জোয়রাধার ছাড়া বাঁচার কোনো পথ নেই। খেতে বোরো ধান লাগিয়েছি। ধান কাটার পর জোয়ারাধার হলে ভালো হবে।’ অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক জানান, জলাবদ্ধতা থেকে রেহাই পেতে বিক্ষুব্ধ লোকজন বাঁধ কেটে শ্রী নদীর সঙ্গে বিল কপালিয়ার সংযোগ করে দিয়েছেন।পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, বিল খুকশিয়ায় জোয়ারাধার বন্ধ করে দেওয়ার পর জোয়ারের পানিতে ভবদহের কয়েকটি বিলের ধান ও মাছের ঘের তলিয়ে গেছে। একই কারণে এলাকার অনেক বাড়িতে পানি ওঠা শুরু হয়েছে।